মেসিকাণ্ডে ফের অরূপ বিশ্বাসকে তলব! মঙ্গলবারই থানায় ডেকে পাঠাল পুলিশ
প্রতিদিন | ০৫ জুলাই ২০২৬
মেসিকাণ্ডে একের পর এক নোটিস গিয়েছিল তাঁর নিউ আলিপুরের বাড়িতে। কিন্তু অরূপ বিশ্বাস কার্যত বেপাত্তা ছিলেন। তিন তিনবার হাজিরা এড়ানো পর গত ১৮ জুন মেসিকাণ্ডে প্রথম থানায় হাজিরা দিয়েছিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। যা ঘিরে চূড়ান্ত নাটক দেখেছিল বাংলা। এবার সেই মামলাতেও ফের একবার অরূপ বিশ্বাসকে তলব করা হল। আগামী মঙ্গলবার সকাল ১১টার মধ্যে তাঁকে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
গতবছর ডিসেম্বর মাসে যুবভারতীতে মেসির ইভেন্টে বিশ্ঙ্খলার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল আয়োজক শতদ্রু দত্তকে। প্রশ্ন উঠেছিল তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভূমিকা নিয়েও। পরে শতদ্রু জামিনে ছাড়া পান। রাজ্যে পালাবদলের পরেই মেসিকাণ্ডে অরূপের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন শতদ্রু। টিকিট ব্ল্যাক, আর্থিক প্রতারণা, ক্ষমতার অপব্যবহারের অভিযোগে অরূপকে তলব করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। একাধিকবার তাঁকে তলবের নোটিস দিলেও অরূপ এড়িয়ে যান। জল গড়িয়েছিল হাই কোর্টেও। বিচারপতি সৈগত রায়ের নির্দেশ দিয়েছিলেন, পুলিশের নির্ধারিত দিনেই অরূপ বিশ্বাসকে হাজিরা দিতে হবে।
সেই মতোই ১৮ জুন ও ২২ জুন পুলিশের তলবে হাজিরা দিয়েছিলেন তিনি। প্রসঙ্গত, মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে রক্ষাকবচও দেয় কলকাতা হাই কোর্ট। আগামী ১৭ অগাস্ট পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না বলেই নির্দেশ দেয় আদালত। এদিকে থানায় হাজিরার দেওয়ার পরেই রাজনৈতিক অবস্থানেও ‘পাল্টি’ খান অরূপ। দিদির সঙ্গ ছেড়ে বর্তমান ঋতব্রত শিবিরের ভাইস প্রেসিডেন্টের পদ পেয়েছেন তিনি। এখন দেখার বিষয় মেসিকাণ্ডের জল ঠিক কতদূর গড়ায়।