বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় রবিবার দিনভর উত্তাল হলো এলাকা। দফায় দফায় উত্তেজনা, রাস্তা-রেল অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। গণপিটুনিতে মৃত্যু হয় এক যুবকের। অভিযোগ, ওই যুবককে সন্দেহভাজনদের সঙ্গে দেখা গিয়েছে। তিনিও ঘটনায় যুক্ত। ঘটনায় যারা জড়িত, তাদের গ্রেপ্তারি ও শাস্তির দাবিতে অবরোধ করেন স্থানীয়রা। করা হয় রেল অবরোধও। এর মাঝেই এ দিন বিকেলে নিহত নাবালিকার বাবার সঙ্গে ফোনে কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মৃতের পরিবারকে আগামী মঙ্গলবার নবান্নে আসার জন্য জানিয়েছেন বলে সূত্রে খবর। পুলিশ সূত্রে খবর, বারুইপুরের ঘটনায় খুনের মামলা রুজু হয়েছে। ধর্ষণের মামলা এখনও (সন্ধ্যা সাড়ে ছ’টা অবধি) যোগ হয়নি। ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছে পুলিশ।
সূত্রের খবর, অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে ছয় সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছে। এই দলটি কী ভাবে ঘটনাটি ঘটল এবং কারা কারা এর সঙ্গে জড়িত ছিল, তা খতিয়ে দেখবে। আরও দুটি মামলা দায়ের করা হয়েছে। একটি মামলায় পুলিশকর্মীদের উপর হামলা এবং পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগ রয়েছে। অন্য মামলাটি গণপিটুনির ঘটনাকে কেন্দ্র করে, যাতে এক যুবকের মৃত্যু হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, এই ঘটনায় মোট চার জন ব্যক্তি যুক্ত। এর মধ্যে শেষ খবর পাওয়া পর্যন্ত দু’জন পলাতক। ইন্দ্রজিৎ তাঁতি নামে এক যুবককে ধরে ফেলেন স্থানীয়রা। গণপিটুনিতে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে খবর। নাবালিকাকে শেষবার দেখা গিয়েছিল প্রভাস মণ্ডল নামে এক ব্যক্তির সঙ্গে। তাকেও ধরে ফেলেন স্থানীয়রা। প্রথমে তাকে বারুইপুর থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ঘটনার পরে নাবালিকার বাবা জানিয়েছেন, তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রীর ফোনে কথা হয়েছে। সব অভিযোগ শোনা হবে এবং কোনও দোষীকে রেয়াত করা হবে না বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। এমনই জানান তিনি। দফায় দফায় পথ অবরোধ ও রেল অবরোধের পরে এ দিন ঘটনাস্থলে গিয়ে ক্ষুব্ধ বাসিন্দাদের সঙ্গে কথা বলেন আইজি (প্রেসিডেন্সি রেঞ্জ) কঙ্করপ্রসাদ বাড়ুই। তিনিও এই ঘটনায় সকল অভিযুক্ত গ্রেপ্তার করে কড়া শাস্তি দেওয়ার আশ্বাস দেন। এর পরেই অবরোধ তুলে নেওয়া হয়।
শনিবার বিকেলে ওই নাবালিকা কিছু খাবার কেনার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল। পরে তার খোঁজ শুরু হয়। শনিবার নাবালিকার কোনও সন্ধান মেলেনি। এ দিন সকালে বাড়ির কাছেই একটি জলাশয় থেকে নাবালিকার দেহ উদ্ধার হয়।