• বারুইপুর কাণ্ডে দ্রুত অ্যাকশনে পুলিশ, নাবালিকা ধর্ষণ-খুন মামলায় ৬ সদস্যের সিট গঠন
    প্রতিদিন | ০৬ জুলাই ২০২৬
  • বারুইপুরে নাবালিকা ধর্ষণ-খুনের মামলায় দ্রুত অ্যাকশনে পুলিশ। রবিবার ভোরে ঘটনা প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টার মধ্যে সিট গঠন করে তদন্ত শুরু করল বারুইপুর জেলা পুলিশ। দুপুরেই নির্যাতিতার বাবার সঙ্গে ফোনে কথা বলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপরই সন্ধ্যায় অ্যাডিশনাল এসপি পিনাকী দত্তের নেতৃত্বে একটি ৬ সদস্যের সিট গঠন করা হয়। এই ঘটনায় ইতিমধ্যেই ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। অন্যদিকে, সরকারি সম্পত্তি নষ্ট, পুলিশের উপর হামলা, অবরোধ এবং অভিযুক্তকে পিটিয়ে খুনের ঘটনায় দু’টি স্বতপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ।

    শনিবার বিকেল থেকে নিখোঁজ ছিল বারুইপুরের ১১ বছরের এক নাবালিকা। রবিবার ভোরে বাড়ির পাশের একটি পুকুর থেকে তার দেহ উদ্ধার করা হয়। তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবার ও স্থানীয় বাসিন্দাদের। এই নিয়ে সকালে থেকে বারুইপুরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক অভিযুক্তকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে বিক্ষুব্ধদের বিরুদ্ধে। কুলপি রোডে নাবালিকার মৃতদেহ রেখে বিক্ষোভ দেখান স্থানীয়রা। রাস্তায় আগুন জ্বালিয়ে পথ অবরোধ হয়। প্রায় ঘণ্টাখানেক শিয়ালদহ দক্ষিণ শাখার নামখানা লাইনে ট্রেন অবরোধ চলে। অবরোধ তুলতে গেলে পুলিশের উপরে হামলা চালান বিক্ষোভকারীরা। পুলিশের গাড়িতেও ভাঙচুর করা হয়।

    ঘটনার কথা জানতে পেরে নির্যাতিতার বাবার সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার পরিবারকে ভবানীভবনে ডেকে পাঠান তিনি। মৃত্যুর ঘটনা প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টার মধ্যেই অ্যাকশন শুরু করে পুলিশ। গ্রেপ্তার করা হয় দুই অভিযুক্তকে। এরপর সন্ধ্যায় বারুইপুর পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি পিনাকী দত্তের নেতৃত্বে ৬ সদস্যের সিট গঠন করা হয়।

     বারুইপুরের ঘটনায় মোট ৩টি মামলা রুজু হয়েছে। একটি নাবালিকাকে ধর্ষণ-খুনের মামলা। পাশাপাশি সরকারি সম্পত্তি নষ্ট, পুলিশের উপর হামলা, অবরোধ, ভাঙচুর এবং এক অভিযুক্তকে গণপিটুনি দিয়ে খুনের ঘটনায় আলাদা করে দুটি মামলা রুজু করেছে বারুইপুর থানার পুলিশ। এই দুই মামলাতেও অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
  • Link to this news (প্রতিদিন)