• ভারী বৃষ্টিতে মুম্বইয়ে বহুতলের একাংশ ভেঙে পড়ে মৃত ৬
    এই সময় | ০৬ জুলাই ২০২৬
  • ভারী বৃষ্টিতে মুম্বইয়ে বহুতলের একাংশ ভেঙে পড়ে প্রাণ গেল ৬ জনের। এক জন গুরুতর আহত। রবিবার রাত সাড়ে ৮টা নাগাদ মানখুর্দের জনতানগরের হনুমান মন্দিরের পিছনে ৫ নম্বর চাউলে ঘটনাটি ঘটে। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়েছে। ধ্বংসস্তূপের নীচে আরও অনেকের আটকে থাকার আশঙ্কা রয়েছে।

    দুর্ঘটনাস্থলে একটি মেডিক্যাল টিমও পাঠানো হয়েছে। সেই টিমে রয়েছেন একজন অর্থোপেডিক সার্জন, একজন জেনারেল ফিজিশিয়ান, নার্সিং স্টাফ এবং অ্যাম্বুল্যান্স কর্মী। এ ছাড়া আহতদের দ্রুত চিকিৎসার জন্য কাছের শতাব্দী হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সেখানে অতিরিক্ত বেডের বন্দোবস্ত করেছে প্রশাসন। এই ঘটনার পরে অসন্তোষ প্রকাশ করে মুম্বইয়ের মেয়র ঋতু তাওড়ে জানান, বেআইনি ও ঝুঁকিপূর্ণ একাধিক বিল্ডিংয়ে বার বার নোটিস দিয়েছে প্রশাসন। তা সত্ত্বেও বিপজ্জনক বাড়ি ছাড়েননি বাসিন্দা। বার বার বাড়ি মেরামত করেই সেখানে তাঁরা থেকেছেন। তার ফলেই এই দুর্ঘটনা।

    টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত মুম্বই। কুর্লা ওয়েস্টের নৌপাড়া এলাকায় দুপুর সাড়ে ১২টা নাগাদ একটি দোকানের উপর বিশালাকার গাছ ভেঙে পড়ে। এই ঘটনায় এক বৃদ্ধার মৃত্যুও হয়েছে। এই ঘটনার কয়েক দিন আগেই চেম্বুরে চলন্ত স্কুলবাসের উপর গাছ পড়ে ১১ বছরের এক শিশুর মৃত্যু হয়েছিল। খারাপ আবহাওয়ায় দৃশ্যমানতা কমে যাওয়ার কারণে মুম্বই বিমানবন্দরে ঘণ্টাখানেক বিমান ওঠানামা সম্পূর্ণ বন্ধ ছিল। ৪টি ইন্ডিগো ফ্লাইট বাতিল করা হয়। ১৩টি বিমানকে অন্য শহরের বিমানবন্দরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে সেগুলি মুম্বইয়ে ফিরে আসে।

    মৌসম ভবন মুম্বইয়ে আগেই লাল সতর্কতা জারি করেছিল। পুরসভা জানিয়েছে, ২৪ ঘণ্টায় শহরের অনেক এলাকায় ২০০ মিলিমিটার এবং কিছু কিছু জায়গায় ৩০০ মিলিমিটারের চেয়েও বেশি বৃষ্টি হয়েছে।

  • Link to this news (এই সময়)