• বৃষ্টির তাণ্ডবে বেসামাল মুম্বই, প্রাণ হারালেন ১০ জন, ধসে বন্ধ পুনে-মুম্বই এক্সপ্রেসওয়ে, ছুটি স্কুল-কলেজে
    এই সময় | ০৬ জুলাই ২০২৬
  • প্রবল বর্ষণে বিপর্যস্ত মুম্বই। বৃষ্টির জেরে একাধিক দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর মিলেছে। লোহাগড় দুর্গের কাছে ধসে আটকে একটি পরিবার আটকে পড়েছে বলে জানিয়েছে মুম্বই পুলিশ। পরিস্থিতির অবনতি হওয়ায় পুনে-মুম্বই এক্সপ্রেসওয়ে এবং পুরোনো মুম্বই-পুনে জাতীয় সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। মহারাষ্ট্রের একাধিক জেলায় জারি হয়েছে রেড অ্যালার্ট।

    পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কোথাও বাড়ি ভেঙে পড়েছে, কোথাও উপড়ে গিয়েছে গাছ। পরিস্থিতি স্বাভাবিক করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছেন পুরসভার কর্মীরা। জলমগ্ন একাধিক এলাকা। বহু জায়গায় ধস নেমেছে বলেও জানা গিয়েছে। কুরলায় রাস্তার ধারের একটি দোকানের উপরে গাছ ভেঙে পড়ায় ইউনূস কুন্দ্রাওয়ালা (৬৩) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তাঁর পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছে বৃহন্মুম্বই পুরসভা। সাকি নাকা এলাকায় খোলা ম্যানহোলে পড়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। এখনও পর্যন্ত তাঁর নাম-পরিচয় জানা যায়নি।

    অন্য দিকে, বৃষ্টির মধ্যে নবি মুম্বইয়ের খারঘরের পাণ্ডবকাড়া জলপ্রপাতে নেমে প্রাণ হারিয়েছেন দুই যুবক। প্রবল স্রোতের কারণে জলপ্রপাতে নামায় নিষেধাজ্ঞা জারি করেছিল প্রশাসন। সেই নিষেধাজ্ঞা অমান্য করেই তাঁরা জলে নামেন বলে জানা গিয়েছে। মীরা রোড-ভায়ান্দর এলাকায় প্রবল ঝড়-বৃষ্টির মধ্যে মোটরবাইকে যাওয়ার সময় যতীন বুন্দি (৩৬) নামে এক যুবকের উপরে নারকেল গাছ ভেঙে পড়ে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। লোহাগড় দুর্গের কাছে পাটন গ্রামে ধসের জেরে একটি পরিবার আটকে পড়েছে বলে খবর। যুদ্ধকালীন তৎপরতায় অভিযান চালাচ্ছে উদ্ধারকারী দল।

    প্রবল বৃষ্টি ও ধসের জেরে পুনে-মুম্বই এক্সপ্রেসওয়ের একটি কংক্রিটের স্তম্ভ ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি বিকল্প রাস্তাগুলিও জলমগ্ন হয়ে পড়ায় এক্সপ্রেসওয়ে এবং পুরোনো মুম্বই-পুনে সড়ক দুই দিক থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া, কানেক্টিং লিঙ্ক রোডের টানেল-২-এর কাছে ধস নামায় সোমবার ভোর ৪টে থেকে বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত যান চলাচল। বাস, ট্রাক ঘুরিয়ে দেওয়া হচ্ছে অন্য রাস্তায়।

    থানে, পালঘর এবং রায়গড়ে রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া-সহ অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। খারাপ আবহাওয়ার কারণে মুম্বই, থানে এবং পালঘর এলাকার সমস্ত স্কুল-কলেজে ছুটি ঘোষণা করেছেন কর্তৃপক্ষ। ৬ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করেছে মুম্বই বিশ্ববিদ্যালয়। কারজাত ও লোনাভালার মাঝামাঝি দক্ষিণ-পূর্ব ঘাট সেকশনে ধস নেমেছে। তার ফলে সেন্ট্রাল রেলের মুম্বই ডিভিশনের একাধিক ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। পরিস্থিতির অবনতি হওয়ায় অত্যন্ত প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছে প্রশাসন।

  • Link to this news (এই সময়)