বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে রবিবার। যার জেরে রাতভর বৃষ্টি হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোববারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। মোটের উপর সপ্তাহভর জারি থাকবে বৃষ্টিপাত। আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার দুপুরের পরে গভীর এই নিম্নচাপ ওডিশা ও বঙ্গের উপকূলে প্রবেশ করতে চলেছে। যার জেরে উত্তাল থাকবে সমুদ্র। সেই কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে আপাতত নিষেধ করা হয়েছে।
সকাল থেকেই কলকাতার আকাশে ঘন কালো মেঘ। রবিবার রাতের পরে সোমবার সকালেও ভারী বৃষ্টি হচ্ছে শহরে। সঙ্গে রয়েছে ঝোড়ো হাওয়ার দাপট। একাধিক এলাকায় জলও জমে গিয়েছে। বেশ কয়েকটি জায়গায় ভেঙে পড়েছে গাছ। যার জেরে সকাল থেকেই সমস্যায় পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। জল জমে থাকায় ট্র্যাফিকের গতিও বেশ কিছুটা ধীর। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ দিনভর বৃষ্টি চলবে শহর কলকাতায়। আপাতত আবহাওয়ায় বিশেষ কোনও পরিবর্তন নেই। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি সেলসিয়াস কম। সর্বোচ্চ তাপমাত্রা ৩০.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৫ ডিগ্রি সেলসিয়াস কম।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবারও ভারী বৃষ্টি জারি থাকবে দক্ষিণবঙ্গে। ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। সপ্তাহের বাকি দিনগুলিতেও জারি থাকবে বৃষ্টি। সঙ্গে দাপট থাকবে ঝোড়ো হাওয়ার। একই সঙ্গে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে উপকূলের জেলাগুলিতে।
সোমবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গেও। জলপাইগুড়ি এবং সংলগ্ন এলাকায় বৃষ্টির বিশেষ সতর্কতা জারি হয়েছে। আবহাওয়া জানিয়েছে, মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে উত্তরবঙ্গে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের দাপট।