• বারুইপুর-নরেন্দ্রপুর-সোনারপুরে জারি ১৬৩ ধারা!
    আজকাল | ০৬ জুলাই ২০২৬
  • দীক্ষা ভুঁইয়া: নাবালিকাকে ধর্ষণ করে খুন এবং অভিযুক্ত যুবকের গণপিটুনিতে মৃত্যু। এই ঘটনাকে ঘিরেই রণক্ষেত্র বারুইপুর। বারুইপুরে সাম্প্রতিক ঘটনাকে ঘিরে আইনশৃঙ্খলা বজায় রাখতে কড়া পদক্ষেপ নিল প্রশাসন। সম্ভাব্য উত্তেজনা, বিক্ষোভ বা বেআইনি জমায়েত রুখতে বারুইপুর, নরেন্দ্রপুর এবং সোনারপুর থানা এলাকায় বিএনএসএসের ১৬৩ ধারা জারি করা হয়েছে।

    পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্তে এখনও পর্যন্ত ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ৩ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকাজুড়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী এবং জোরদার করা হয়েছে টহলদারি।

    প্রশাসনের তরফে সকলকে গুজবে বিভ্রান্ত না হওয়া, শান্তি বজায় রাখা এবং কোনও অবস্থাতেই আইন নিজের হাতে তুলে না নেওয়ার আবেদন জানানো হয়েছে। পুলিশের দাবি, বর্তমানে পরিস্থিতি এখনও পর্যন্ত নিয়ন্ত্রণে রয়েছে। 

    প্রসঙ্গত, গতকাল রবিবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার ধপধপি-২ গ্রাম পঞ্চায়েতের সূর্যপুর হাট এলাকায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীর দেহ উদ্ধার হয়। স্থানীয়রা জানিয়েছেন, বাড়ির অদূরে একটি পুকুর থেকে উদ্ধার হয় ওই নাবালিকার দেহ। এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছিল গতকাল। 

    পরিবারের তরফে জানানো হয়েছে, শনিবার বিকেল প্রায় চারটে নাগাদ খাবার কেনার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিল ওই নাবালিকা। তারপর আর ফেরেনি সে। রবিবার তার দেহ উদ্ধারের পরেই উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। 

    নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগে ইন্দ্রজিৎ তাঁতি (২৬) নামের অভিযুক্ত যুবককে সন্দেহের বশে গণপিটুনি স্থানীয়দের। তাঁকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। গতকাল নাবালিকার বাবার সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যথাযথ তদন্তের ও দোষীদের কঠোর শাস্তির আশ্বাস দিয়েছেন তিনি। নাবালিকার বাবা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী আগামিকাল মঙ্গলবার ভবানী ভবনে যেতে বলেছেন তাঁকে। 
  • Link to this news (আজকাল)