পুরী ও মাহেশের পরেই স্থান মহিষাদলের! ২৫০ বছরের সেই মহিষাদল রথের পথ সচল করতে এবার কড়া প্রশাসন
News18 বাংলা | ০৬ জুলাই ২০২৬
: পুরী ও মাহেশের পর স্থান মহিষাদলের প্রাচীন রাজবাড়ির রথ। ভারতের একমাত্র কাঠে উচ্চ রথ। যার বয়স প্রায় ২৫০ বছর। ১৬ জুলাই রথ। তার আগে রথ সড়কে অবৈধভাবে বসা দোকান উচ্ছেদের নির্দেশ প্রশাসনের। শনিবার মহিষাদল থানা, ব্লক প্রশাসন ও রথ পরিচালন কমিটির পক্ষ থেকে মাইকিং করে জানিয়ে দেওয়া হয়। আগামী ৬ জুলাই সোমবারের মধ্যে মহিষাদল শহীদ বেদি থেকে মাসির বাড়ি গুনডিচাবাটি পর্যন্ত প্রায় এক কিমি সড়কে দুধারে অবৈধ ভাবে গড়ে ওঠা দোকান সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।
প্রশাসনের নির্দেশ অনুযায়ী সোমবারের মধ্যে যারা তাদের ঘরবাড়ি, দোকানপাট সরাবেন না তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই সঙ্গে রথযাত্রা শেষের পরে আর দোকান, বা বাড়ি গড়ে তোলা যাবে না। শনিবার প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করার পাশাপাশি রথ ও রথ সড়ক পরিদর্শন করেন পুলিশ সুপার অংশুমান সাহা-সহ অন্যান্য পুলিশ আধিকারিকগণ। পরিদর্শন শেষে পুলিশ সুপার অংশুমান সাহা জানান, “প্রতিবছরের মতো এবারেও যাতে শান্তিপূর্ণ ভাবে রথ চলে তার জন্য, রথ, রথের চাকা, দড়ি এবং রথ সড়ক ও রথের মাসিবাড়ি পরিদর্শন করলাম। এরপর স্থানীয় প্রশাসন ও রথ পরিচালন কমিটির সঙ্গে বৈঠক করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।”
রথ পরিচালন কমিটির অন্যতম রামকৃষ্ণ দাস জানান, “প্রাচীন মহিষাদলের রথের সংস্কারের প্রয়োজন রয়েছে। কয়েকবছর আগে হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদে থাকাকালীন মহিষাদলের রথ সংস্কারের জন্য অর্থ দিয়েছিলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামীবছর যাতে পুনরায় রথ সংস্কার করা যায় তাদের আবেদন জানানো হবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে।” স্থানীয় ব্যবসায়ী তনয় ব্যানার্জি জানান, “দীর্ঘ প্রায় ২৮-৩০ বছর ব্যবসা করে সংসার চালাচ্ছি। এবার আর ব্যবসা করা যাবে না। প্রশাসনিক মাইক করে গিয়েছে। এই এলাকায় প্রায় ৭০টির মতো দোকান রয়েছে। সবাই মান্যতা দিলে আমাকেও উঠে যেতে হবে।”
ডেডলাইন সোমবার, মহিষাদলের রথ সড়কের অবৈধ দোকান উচ্ছেদের মাইকিং প্রশাসনের, পরিদর্শনে পুলিশ সুপার। মহিষাদলের প্রায় ২৫০ বছরের প্রাচীন রথযাত্রাকে ঘিরে মানুষের ভীড় জমে। লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে। তাদের নিরাপত্তা ও রথ সঠিকভাবে টেনে মাসিবাড়ি নিয়ে যাওয়ার জন্য প্রশাসনের বিশেষ উদ্যোগ।