• গভীর হয়েছে নিম্নচাপ, সকাল থেকেই বৃষ্টি শুরু কলকাতায়, কোন কোন জেলায় দুর্যোগের অ্যালার্ট?
    আজ তক | ০৬ জুলাই ২০২৬
  • উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন ওড়িশা পশ্চিমবঙ্গ উপকূলবর্তী অঞ্চলে তৈরি হওয়া সুস্পষ্ট নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সোমবার ভোররাত থেকেই প্রবল বৃষ্টি কলকাতা ও সংলগ্ন অঞ্চলে। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কতদিন চলবে এই দুর্যোগ? 

    হাওয়া অফিস জানিয়েছে, গভীর এই নিম্নচাপ সোমবার থেকে শুরু করে আগামী শনিবা, অর্থাৎ গোটা সপ্তাহ জুড়েই নিজের উপস্থিতি জানান দেবে। সোমবার দুপুরের মধ্যে নিম্নচাপটি পশ্চিম, উত্তর পশ্চিম অভিমুখে এগিয়ে ওড়িশার চাঁদবালি ও দিঘার মধ্যবর্তী উত্তর ওড়িশা উপকূল পেরিয়ে মূল ভূখণ্ডে প্রবেশ করবে বলেও জানিয়েছে আলিপুর। আগামী ২৪ ঘণ্টায় এই নিম্নচাপ আরও পশ্চিম, উত্তর পশ্চিম দিকে এগিয়ে ছত্তিশগড়ে ঢুকে যাবে। 

    অন্যদিকে, সমুদ্রপৃষ্ঠে অবস্থান করা মৌসুমি অক্ষরেখা  দক্ষিণ পশ্চিম রাজস্থান থেকে বিস্তৃত হয়ে মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও ওড়িশার উপর দিয়ে এগিয়ে বঙ্গোপসাগরের উপরের গভীর নিম্নচাপটির কেন্দ্রের উপর দিয়ে গিয়েছে। এর প্রভাবে পূর্বাভাস অনুযায়ী, সোমবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। 

    কোন কোন জেলায় ভারী বৃষ্টি?
    পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে এদিন ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। এছাড়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে ঘণ্টায় ৪০–৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। সঙ্গে চলবে বৃষ্টির দাপট। 

    মঙ্গলবারও দক্ষিণবঙ্গের সব ক’টি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০–৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধ ও বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তা ছাড়া, ওই দু’দিন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে ঝড়বৃষ্টি বেশি হতে পারে। 

     
  • Link to this news (আজ তক)