রবিবার পুরসভায় সিআইসি সদস্য কেন, বিজেপি কর্মীদের বিক্ষোভ
বর্তমান | ০৬ জুলাই ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বারাসত: রবিবার ছুটির দিনেও অশোকনগর-কল্যাণগড় পুরসভায় সিআইসি সমীর দত্তের উপস্থিতিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। বিষয়টি জানাজানি হতেই পুরসভার সামনে জড়ো হন বিজেপির কর্মী-সমর্থকরা। তাঁদের অভিযোগ, ছুটির দিনে পুরসভায় এসে হয়ত গুরুত্বপূর্ণ নথি বা ফাইল সরানোর চেষ্টা করছিলেন তিনি। পুরসভা সূত্রে জানা গিয়েছে, অন্নপূর্ণা যোজনা ও আয়ুষ্মান ভারতের ডেটা এন্ট্রির কাজ চলছিল। পুরসভার এগজিকিউটিভ অফিসার জানান, কাজের চাপ থাকায় রবিবার অফিস খোলা রাখা হয়েছিল। সমীর দত্ত মাসিক জ্বালানি তেলের বরাদ্দ সংক্রান্ত বিষয় এবং কর্মীদের বেতন সময়মতো হচ্ছে কি না, সেই বিষয়ে খোঁজ নিতে এসেছিলেন।
বিজেপির দাবি, তাঁদের কর্মীরা পুরসভায় পৌঁছাতেই সমীর দত্ত দ্রুত সেখান থেকে বেরিয়ে যান। ঘটনার জেরে উত্তেজনা তৈরি হলে পুরসভার দায়িত্বে থাকা স্যানিটারি ইনসপেক্টর শেখর বিশ্বাসকে ঘিরে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। এমনকি, তাঁকে পুরসভা ভবনে চড়-থাপ্পড়ও মারা হয় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় অশোকনগর থানার পুলিশ। পরে অশোকনগর বিধানসভার বিধায়ক সুময় হীরা ঘটনাস্থলে যান এবং বিষয়টি ঊর্ধ্বতন মহলে জানান। তাঁর নির্দেশে আপাতত অন্নপূর্ণা যোজনা ও আয়ুষ্মান ভারতের ডেটা এন্ট্রির কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গিয়েছে। সমীর দত্তের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন বন্ধ থাকায় কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নিজস্ব চিত্র