• নাম না করে তৃণমূল নেতাদের কড়া বার্তা বিজেপি বিধায়কের
    বর্তমান | ০৬ জুলাই ২০২৬
  • সংবাদদাতা, বনগাঁ: রবিবার বনগাঁয় এক ক্লাবের খুঁটি পুজো অনুষ্ঠানে এসে এলাকার তৃণমূল নেতাদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। এদিন বিধায়ক বলেন, বনগাঁর তৃণমূল নেতারা ডাকাতদের আড়াল করার চেষ্টা করছেন। তাঁদেরকে সাবধান করে দিচ্ছি। কাউকে ছাড়া  হবে না। পাশাপাশি বিধায়ক দাবি করেন, গত ১৫ বছর ধরে বনগাঁয় একনায়কতন্ত্র কায়েম হয়েছে। মানুষের কণ্ঠরোধ করা হয়েছিল। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মানুষ মুক্তির আস্বাদ পেয়েছে। মানুষের কণ্ঠরোধ করার কারিগররা পলাতক। ওই কারিগরদের বলছি, কোনো লাভ হবে না। এঁরা কেউ বাইরে থাকতে পারবেন না। তবে কার ছত্রছায়ায় কে আছেন, সেবিষয়টি খোলসা করেননি বিধায়ক।

    রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বনগাঁর একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে গর্জে উঠেছেন অনেকেই। অতীতে একাধিক গুরুত্বপূর্ণ পদ আগলে থাকা এক তৃণমূল নেতার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক অভিযোগ হলেও তিনি গ্রেপ্তার হননি। এটা বাসিন্দাদের ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে। সূত্রের দাবি, অভিযুক্ত ওই তৃণমূল নেতা বিজেপিতে যোগ দেওয়ার চেষ্টা করছেন বেশ কিছুদিন ধরে। সেই খবর পৌঁছেছে বিজেপি নেতাদের কাছে। এদিন সেই প্রসঙ্গ টেনে তৃণমূলের ওই নেতাকে নাম না করে আক্রমণ করেন বিজেপি বিধায়ক স্বপন মজুমদার।

    অন্যদিকে, তৃণমূলের ওই নেতাকে আক্রমণ করেছেন হাবড়ার বিধায়ক দেবদাস মণ্ডলও। রবিবার বনগাঁয় নিজের ক্লাবের খুঁটিপুজো অনুষ্ঠানে বিধায়ক বলেন, কয়েক বছর আগে এই পুজো দখল করা হয়েছিল। বনগাঁবাসীকে দিনের পর দিন অত্যাচার করেছেন। এখন পালিয়ে বেড়াচ্ছেন। এর-ওর কাছে ছুটছেন। কোনো লাভ হবে না। 
  • Link to this news (বর্তমান)