• প্রথম ৬ মাসেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা এবার সেঞ্চুরি পার করল
    বর্তমান | ০৬ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: মাথা চাড়া দিচ্ছে ডেঙ্গু। দক্ষিণ ২৪ পরগনা স্বাস্থ্যজেলায় চলতি বছরে জুন মাস পর্যন্ত শতাধিক মানুষ আক্রান্ত হয়েছেন এই রোগে। যদিও গত তিন বছরে এই সময়কালে সংখ্যাটা অনেক কম ছিল। অর্থাৎ, ২০২৩ থেকে ২০২৫ সালে বছরের প্রথম ছয় মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৮০-র মধ্যে ছিল। অভিযোগ, অপরিষ্কার ড্রেন, ঠিক মতো জঞ্জাল সাফাই না হওয়ার কারণেই ডেঙ্গুর মশা বাড়ছে বিভিন্ন জায়গায়। তার ফলেই এলাকাবাসীরা এই মশাবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন। পঞ্চায়েত ও পুরসভা এলাকায় তাই জঞ্জাল সাফাইয়ের উপর বাড়তি জোর দেওয়া হয়েছে। জানা গিয়েছে, ডেঙ্গুতে সব থেকে বেশি মানুষ আক্রান্ত হয়েছে ভাঙড়ে। এখানকার দুটি ব্লক মিলিয়ে প্রায় পঞ্চাশটি কেস পাওয়া গিয়েছে। এছাড়াও বিষ্ণুপুরেও সামান্য বেড়েছে এই রোগের প্রকোপ।

    স্বাস্থ্যদপ্তর থেকে পাওয়া তথ্য বলছে, ভোটের ফলাফল প্রকাশের পর বেশিরভাগ পঞ্চায়েতে কাজকর্ম একপ্রকার শিকেয় উঠেছে। যাঁরা বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে মশার লার্ভা মারার জন্য রাসায়নিক স্প্রে করেন, তাঁদের সেভাবে দেখা যায়নি বলে অভিযোগ। ড্রেন পরিষ্কারের কাজও এক প্রকার থমকে গিয়েছে। উদাহরণ হিসাবে, বারুইপুরের মল্লিকপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় রাস্তার ধারে জমা  জল, জঞ্জালে ভরতি অস্বাস্থ্যকর ড্রেন পড়েছিল। এরকম ছবি বিভিন্ন এলাকায় পাওয়া গিয়েছে। জেলা স্বাস্থ্যবিভাগ থেকে বারে বারে সংশ্লিষ্ট পঞ্চায়েত ও পুরসভাকে এই ব্যাপারে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ বর্ষাকাল এসে গিয়েছে। এখন ডেঙ্গুর প্রকোপ বাড়বে। তাই এখন থেকে উদ্যোগী না হলে পরবর্তী সময়ে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা রয়েছে।
  • Link to this news (বর্তমান)