মহেশতলায় পুর পরিষেবা নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি বিজেপির
বর্তমান | ০৬ জুলাই ২০২৬
সংবাদদাতা, বজবজ: মহেশতলা পুরসভা এলাকার নিকাশি ব্যবস্থা বেহাল। রাস্তা জলমগ্ন। জল জীবন মিশন ও আবাসন প্রকল্পে পক্ষপাতিত্ব হয়েছে। জিঞ্জিরা বাজার বিবিটি রোড থেকে শ্যামপুর, এই রাস্তার উপর বেআইনি নির্মাণ হয়েছে। এই সব অভিযোগ সহ দশ দফা বিষয় নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি জানাল বিজেপি। মহেশতলা পুরসভার সামনে অবস্থান করে তারা। পুর চেয়ারম্যান দুলাল দাসের সঙ্গে দেখা করে শ্বেতপত্র প্রকাশে এক পক্ষকাল সময় দেয়। না হলে আরও বড়ো আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে।
এই দলের নেতৃত্বে ছিলেন বিজেপির ডায়মন্ডহারবার সাংগঠনিক জেলার সভাপতি সোমা ঘোষ, সহ সভাপতি তমোনাশ ভৌমিক প্রমুখ। তমোনাশবাবু জানান, বেহাল নিকাশির জন্য সমস্ত রাস্তা জলমগ্ন। ভোটের আগে কিছু রাস্তার কাজ শুরু হলেও অনেক জায়গাতেই কাজ অর্ধেক হয়ে পড়ে আছে। খাল সংস্কার হচ্ছে না। পুরসভার টাকা ও জমিতে তৈরি হয়েছিল কস্তুরি দাস হাসপাতাল। এখন তা বেসরকারি হাতে। আমজনতা কোনো সুবিধা পায় না। একটা মাতৃসদন ছিল। তাও বেসরকারি হাতে চলে গিয়েছে। পুরবাসীদের পরিষেবার জন্য কোনো দায়িত্ব পালন করছে না তৃণমূল পুরবোর্ড।
আমরা বলেছি, এমনভাবে অকর্মণ্য হয়ে ক্ষমতাসীন থাকার চেয়ে পদত্যাগ করুক বোর্ডের সকলে। অন্যদিকে বর্তমান পুর কর্তৃপক্ষ এ নিয়ে কোনো মন্তব্য করতে চায়নি।