• টক দই থেকে স্যামন অয়েল— কলকাতা পুলিশের স্নিফার ডগদের ফিট রাখতে রাজকীয় ডায়েট
    এই সময় | ০৬ জুলাই ২০২৬
  • সাধারণ মানুষ থেকে শুরু করে VIP— সকলের নিরাপত্তায় যে কোনও পরস্থিতিতে ঘণ্টার পর ঘণ্টা ডিউটিতে থাকেন কলকাতা পুলিশ কর্মীরা। তাঁদের সঙ্গ দেয় কলকাতা পুলিশের স্নিফার ডগ। এ বার এই সারমেয় বাহিনীর জন্য অভিনব পদক্ষেপ লালবাজারের। এই প্রসঙ্গে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, কলকাতা পুলিশের স্নিফার ডগদের জন্য একটি বিশেষ ডায়েট চার্ট তৈরি করা হয়েছে। নতুন এই ডায়েট চার্টে রয়েছে ১৪টি পদ।

    সূত্রের খবর, এর জন্য বছরে প্রায় ৪০ লাখ টাকা খরচ হতে পারে। ইতিমধ্যেই একটি টেন্ডার ডেকেছে রাজ্য সরকার। এই কুকুর বাহিনীর জন্য প্রতি মাসে মাথাপিছু ৬,৩০০ থেকে ৬,৭৫০ টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। ফলে এখন থেকে শুধু মাংস-ভাত নয়, কুকুর বাহিনীর পাতে পড়তে চলেছে পুষ্টিকর, ভিটামিনযুক্ত ও শরীর ঠান্ডা রাখার মতো সুস্বাদু খাবার।

    পশু চিকিৎসক ও পুষ্টিবিদদের পরামর্শ অনুযায়ী তৈরি করা হয়েছে এই খাদ্যতালিকা। বর্তমানে কলকাতা পুলিশের স্নিফার ডগদের সংখ্যা ৪০। তাদের প্রত্যেকের জন্য প্রতি মাসে ১২ কেজি টাটকা ও হাড় ছাড়া (Boneless) মুরগির মাংস বরাদ্দ করা হয়েছে। এর পাশাপাশি প্রতি মাসে ৩০টি ডিম এবং ৩ কেজি টাটকা মরশুমি ফল (লেবু জাতীয় ফল থাকছে না) থাকবে। এ ছাড়াও, কার্বোহাইড্রেটের জন্য ৩ কেজি আতপ চাল এবং ৬ কেজি গমের ডালিয়া। লালবাজারের কর্তারা জানিয়েছেন, ডালিয়া কুকুরদের শরীরে দীর্ঘক্ষণ শক্তি জোগাতে সাহায্য করবে।

    প্রোটিন ও ফাইবারের জন্য দেওয়া হচ্ছে ৭৫০ গ্রাম গোটা মুসুর ডাল এবং ১.৫ কেজি লো-ফ্যাট বা কম চর্বিযুক্ত বিস্কুট। খাবারের গুণমান বাড়াতে তেলের বদলে সপ্তাহে তিন দিন ১২০ মিলিমিটার করে স্যামন মাছের তেল দেওয়া হচ্ছে। এর ফলে কুকুরদের গায়ের রোম ও হাড়ের জয়েন্ট ভালো থাকবে। এ ছাড়া রান্নায় ১৫০ গ্রাম নুন ও হলুদ এবং ৩০০ গ্রাম রসুন ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে। দাঁত ও চোয়াল শক্ত রাখার জন্য প্রতি মাসে আলাদা করে মাথাপিছু ১.৫ কেজি হাড় দেওয়া হবে।

    কলকাতা পুলিশের প্রশিক্ষণপ্রাপ্ত রাঁধুনিরা প্রতিদিন দু’বার কুকুরদের জন্য বিশেষ খাবার তৈরি করবেন। কলকাতার অতিরিক্ত গরম থেকে কুকুরদের বাঁচাতে গরমে খাবারের তালিকায় বড় বদল আনা হয়েছে। হজম ভালো রাখতে এবং শরীরে জলের ঘাটতি মেটাতে প্রতি মাসের টক দইয়ের পরিমাণ ১.৫ কেজি থেকে বাড়িয়ে ২.৫ কেজি করা হয়েছে। এমনকী গরমের সময় মাঠের অনুশীলন কমিয়ে কুকুদের জন্য বাধ্যতামূলক সাঁতারের ব্যবস্থা করা হয়েছে।

    এ ছাড়াও, খাবারের তালিকায় গাজর ও ব্রকোলিও রাখা হচ্ছে, যা তাদের দৃষ্টিশক্তি এবং হাড়ের গঠন মজবুত করবে। এর পাশাপাশি কোনও জরুরি অবস্থা বা শারীরিক অসুস্থতার জন্য একটি বিকল্প মেনুও রাখা হয়েছে। পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের পরামর্শ মেনে তাদের প্রতিদিন ৫০০ গ্রাম করে ভালো মানের শুকনো রেডিমেড ডগ ফুড দেওয়া হবে।

  • Link to this news (এই সময়)