রাজ্যে ফের বাজল ভোটের দামামা। উপনির্বাচনের (BYE-ELECTION) নির্ঘণ্ট ঘোষণা করল দিল্লির নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের তিনটি শূন্য রাজ্যসভা আসনে আগামী ২৪ জুলাই উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক-এর পদত্যাগের ফলে আসনগুলি শূন্য হয়েছে। সেই তিনটি আসনেই এই উপনির্বাচন হবে ২৪ জুলাই।
নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৭ জুলাই বিজ্ঞপ্তি জারি হবে। ১৪ জুলাই মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন, ১৫ জুলাই মনোনয়নপত্র যাচাই এবং ১৭ জুলাই প্রার্থিপদ প্রত্যাহারের শেষ দিন।
ভোটগ্রহণ হবে ২৪ জুলাই সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত। সে দিনই বিকেল ৫টা থেকে ভোটগণনা শুরু হবে। ২৭ জুলাইয়ের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছে কমিশন।
বিধানসভা নির্বাচনে তৃণমূলের হারের পরে সেই দলের নেতা-নেত্রী, ভোটে জেতা সাংসদ, বিধায়কদের বড় অংশ বেসুরো। প্রতিদিনই কেউ না কেউ শিবির বদলাচ্ছেন, দল বদলাচ্ছেন। কেউ সাংগঠনিক পদ ছাড়ছেন, কেউ কাউন্সিলার কিংবা মেয়র পদ ছাড়ছেন।
দিল্লিতে তৃণমূলকে প্রথম ধাক্কা দিয়েছিলেন সুখেন্দুশেখর রায়। গত ৮ জুন রাজ্যসভার সাংসদ পদ থেকে সরে দাঁড়ান তিনি। দলের বিরুদ্ধে গুচ্ছের অভিযোগ তুলে রাজ্যসভার সাংসদ পদ ও তৃণমূলের সদস্যপদ ছাড়েন সুখেন্দুশেখর। দল ছেড়ে সুখেন্দুশেখর বলেছিলেন, ‘দীর্ঘদিন ধরেই দলে কোণঠাসা। সঠিক সময়ের অপেক্ষা করছিলাম।’
এর ঠিক দু’দিন পরে, ১০ জুন রাজ্যসভার আরও এক সাংসদ সুস্মিতা দেব পদ ছাড়েন। তৃণমূলও ছাড়েন তিনি। এর পরেই অসমের মুখ্যমন্ত্রী বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে সুস্মিতার সাক্ষাতের ছবি সামনে আসে। যা নিয়ে জোর চর্চা শুরু হয়।
পরের দিন অর্থাৎ ১১ জুন দিল্লিতে আরও একটি ‘উইকেট’ পড়ে তৃণমূলের। প্রকাশ চিক বরাইক সাংসদ পদ থেকে ইস্তফা দেন। এই তিনটি আসনের জন্যই উপনির্বাচন হবে আগামী ২৪ জুলাই।