• EXCLUSIVE: বারুইপুরের ঘটনায় ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে শিউরে ওঠার মতো সব ইঙ্গিত
    এই সময় | ০৬ জুলাই ২০২৬
  • বারুইপুরে ১১ বছরের নাবালিকার নৃশংস পরিণতিতে প্রতিবাদের আওয়াজ ক্রমশই জোরাল হচ্ছে। এরই মধ্যে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট সামনে আসছে। রবিবারই কাটাপুকুর মর্গে ছোট্ট শরীরের ময়নাতদন্ত হয়েছে। তার প্রাথমিক রিপোর্ট শিউরে ওঠার মতো। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে ইঙ্গিত, যৌন হেনস্থা ও মাথায় আঘাত করার পরে অচেতন নাবালিকাকে বস্তাবন্দি করে পুকুরে ফেলে দেওয়া হয়েছিল। সূত্রের খবর, নাবালিকার মাথায় ক্ষত রয়েছে। কোনও জায়গায় ঠুকে দেওয়ার ফলে বা ভারী কোনও বস্তু দিয়ে আঘাত করার ফলে ওই ক্ষত সৃষ্টি হয়েছে। পাশাপাশি যৌনাঙ্গেও আঘাতের চিহ্ন রয়েছে।

    ওইটুকু মেয়ের উপরে কী নির্মম অত্যাচার হয়েছে, তারও ইঙ্গিত রয়েছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে। শরীরের বিভিন্ন অংশে আঁচড়-কামড়ের দাগও রয়েছে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে অ্যান্টিমোর্টেম ড্রাউনিং অর্থাৎ মাথায় আঘাতের পরে পুকুরে ফেলার সময়েও নাবালিকা বেঁচে ছিল।

    ময়নাতদন্তে ওই নাবালিকার পাকস্থলী ও ফুসফুসে জল মিলেছে। মাথার ক্ষত থেকে অতিরিক্ত রক্তক্ষরণ এবং জলে ডুবেই শেষ পর্যন্ত নাবালিকার মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে।

    শনিবার বিকেলে বন্ধুর জন্মদিনের উপহার কিনতে বেরিয়েছিল ওই নাবালিকা। দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও বাড়ি ফেরেনি। রাত বাড়লে বারুইপুর থানায় নিখোঁজ সংক্রান্ত ডায়েরি করে উদ্বিগ্ন পরিবার। রাতেই এলাকার একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই নাবালিকাকে চার জন নিয়ে যাচ্ছে। রবিবার, ৫ জুলাই বারুইপুর লাগোয়া সূর্যপুরে ১১ বছরের ওই নাবালিকার বস্তাবন্দি দেহ উদ্ধার হয় ধবধবি ও সূর্যপুর স্টেশনের মাঝামাঝি জায়গায়, রেললাইনের ধারের একটি পুকুর থেকে। নাবালিকার বাড়ি থেকে দূরত্ব দেড় কিলোমিটারের মধ্যে।

    পরিবার অভিযোগ তোলে, তাকে শারীরিক নির্যাতন করে গলায় পা তুলে খুন করা হয়েছে। এই ঘটনা ঘিরে রবিবার দিনভর প্রতিবাদের আগুন জ্বলে এলাকায়। ঘটনায় জড়িত থাকার সন্দেহে একজনকে গণপিটুনি দিয়ে মেরে ফেলে উত্তেজিত জনতা। মৃতের নাম ইন্দ্রজিৎ তাঁতি (২৬)।

    তদন্তে ৬ সদস্যের সিট গঠন করা হয়। এখনও অবধি ২ জন গ্রেপ্তার, তিন জন আটক। এলাকায় ১৬৩ ধারা (আগে যা ছিল ১৪৪ ধারা) বলবৎ করা হয়েছে। সূর্যপুরের ওই নাবালিকার বাবার সঙ্গে রবিবারই ফোনে কথা বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নাবালিকার বাবা জানান, মঙ্গলবার তাঁদের ভবানী ভবনে দেখা করতে বলেছেন মুখ্যমন্ত্রী।

  • Link to this news (এই সময়)