Big Breaking: বারুইপুরের ঘটনায় বিচার হবে, স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সোমবার কলকাতায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, ‘পরিবার যে ভাবে বিচার চেয়েছেন, সেটা তাঁরা পাবেন।’ বারুইপুরে নাবালিকা খুন ও ধর্ষণের ঘটনাকে ‘জঘন্যতম ঘটনা’ বলে আখ্যা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ক্যাপিটাল পানিশমেন্ট হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সঙ্গে তিনি বলেন, ‘ওর বাবা যা যা চেয়েছে সব করবে মুখ্যমন্ত্রী... আমি খুশি ওঁরা আস্থা রেখেছেন।’
সিট গঠন করে আইজির নেতৃত্বে বারুইপুরের ঘটনায় তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, এই ঘটনায় ৪ জনের বিরুদ্ধে অভিযোগ করেছে পরিবার। তাদের মধ্যে ২ জন গ্রেপ্তার হয়েছে। ৩ জন আটক হয়েছে, তারা পলাতকদের সঙ্গে কথা বলেছে বলে পুলিশ জানতে পেরেছে।
বারুইপুরের ঘটনায় ৪টি মামলা দায়ের হয়েছে। তার মধ্যে একটি গণধর্ষণের মামলা। এছাড়া, মুখ্যমন্ত্রী জানান, বারুইপুরে মব লিঞ্চিংয়ের পিছনে সাম্প্রদায়িকতার রং রয়েছে। এছাড়াও, সিআরপিএফ-এর ২ জন জওয়ান আহত হয়েছেন, পুলিশের গাড়ি জ্বালানো হয়েছে। তিনি বলেন, ‘আপনারা নিশ্চিন্তে থাকুন প্রথমটার বিচার দেব, ক্যাপিটাল পানিশমেন্ট দেব। বাকি ৩টে বিষয় যারা যুক্ত... বাকি ৩টে কাণ্ড যারা করেছে, তাদের ভুগতে হবে। এমন ভোগাবো বুঝতে পারবে।’
সূত্রের খবর, বারইপুর থানার ভূমিকায় অসন্তুষ্ট রাজ্য পুলিশের শীর্ষকর্তারা। থানার আইসি-সহ অন্য পুলিশ কর্মীদের কী ভূমিকা ছিল এবং খবর পাওয়ার পরে কী করেছিলেন তার বিস্তারিত রিপোর্ট চাওয়া হল জেলা পুলিশ সুপারের কাছে। প্রাথমিকভাবে গাফিলতি প্রমাণ পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর। রিপোর্টে কারও বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এলে, সংশ্লিষ্ট অফিসারকে কড়া শাস্তির মুখে পড়তে হবে বলে রাজ্য পুলিশ সূত্রে ইঙ্গিত মিলেছে।