• বারাসতে চালু এসি লোকাল, প্রথম দিনের ঘটনায় মন ভাল হবে
    আজকাল | ০৬ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: বারাসাত থেকে হল এসি লোকাল ট্রেনের পরিষেবা। প্রথম দিনেই উচ্ছ্বাসিত যাত্রীদের। দীর্ঘদিনের অপেক্ষার অবসান হল। 

    সোমবার থেকে বারাসাত স্টেশন থেকেও শুরু হল এসি লোকাল ট্রেন পরিষেবা। প্রথম দিনেই নতুন এই পরিষেবাকে ঘিরে যাত্রীদের মধ্যে দেখা গেল ব্যাপক উৎসাহ। উদ্বোধনের দিন সকাল থেকেই বারাসাত স্টেশনে ভিড় করেন বহু যাত্রী। 

    প্রথম দিনের যাত্রীদের মধ্যে ছিলেন দেবব্রত বসু। তিনি জানান, স্ত্রীকে কথা দিয়েছিলেন বারাসাত থেকে এসি লোকাল চালু হলে গোটা পরিবারকে নিয়ে এই ট্রেনে সফর করবেন। সেই প্রতিশ্রুতি রাখতে ট্রেন ছাড়ার প্রায় এক ঘণ্টা আগেই স্টেশনে পৌঁছে চারজনের টিকিট কাটেন তিনি। ট্রেন প্ল্যাটফর্মে ঢুকতেই স্ত্রী দেবাঙ্গী বসু-সহ পরিবারের সদস্যদের নিয়ে এসি লোকালে উঠে পড়েন। জানালার ধারের আসনে বসে যাত্রা শুরু করেন তাঁরা। 

    দেবব্রত বসুর কথায়, “বারাসাত থেকে প্রথম এসি লোকালে চড়তে পেরে খুব ভাল লাগছে।” তাঁর স্ত্রী দেবাঙ্গী বলেন, “স্বামী কথা রেখেছেন। এই নতুন পরিষেবার অভিজ্ঞতা সত্যিই অন্যরকম।” তবে তাঁদের আবেদন, যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ভবিষ্যতে টিকিটের ভাড়া কিছুটা কমানো হলে আরও বেশি মানুষ এই পরিষেবা ব্যবহার করতে পারবেন। 

    রেল সূত্রে জানা গিয়েছে, বারাসাত থেকে শিয়ালদহ পর্যন্ত এসি লোকালের ভাড়া রাখা হয়েছে ৬০ টাকা। ট্রেনটি প্রতিদিন সকাল ১০টা ৩৩ মিনিটে শিয়ালদহ থেকে বারাসাতে পৌঁছবে এবং সকাল ১১টা ২৯ মিনিটে বারাসাত থেকে শিয়ালদহের উদ্দেশে রওনা দেবে। ব্যস্ত সময়ে শিয়ালদহমুখী যাত্রীদের পাশাপাশি হাসনাবাদ শাখার যাত্রীদেরও এই পরিষেবা বিশেষভাবে উপকৃত করবে বলে মনে করা হচ্ছে। এর আগে শিয়ালদহ–বনগাঁ শাখায় একটি এসি লোকাল চললেও তা রানাঘাট থেকে বনগাঁ হয়ে শিয়ালদহে যাতায়াত করত। বারাসাত থেকে শুধুমাত্র সাধারণ লোকাল ট্রেন থাকায় ভিড়ের মধ্যে যাতায়াত করতে হতো নিত্যযাত্রীদের। নতুন এসি লোকাল চালু হওয়ায় সেই সমস্যা অনেকটাই কমবে বলে আশা যাত্রীদের।

    এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাতের নবনির্বাচিত বিধায়ক শঙ্কর চ্যাটার্জি, রেলের আধিকারিকেরা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। প্রথম দিন থেকেই এই পরিষেবা ঘিরে যাত্রীদের ইতিবাচক সাড়া মিলেছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এখন থেকে প্রতিদিন নিয়মিত চলবে এসি লোকাল ট্রেন।
  • Link to this news (আজকাল)