বারুইপুর নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করবেন রত্না
আজকাল | ০৬ জুলাই ২০২৬
আজকাল ওয়েবডেস্কঃ দু'বছর হতে চলল। এখনও মেলেনি আরজি করে মেয়ের নৃশংস হত্যার বিচার। ফের একই ঘটনায় উত্তপ্ত বারুইপুর। গতকাল এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটেছে সেখানে। সন্তানকে হারিয়ে বেদনায় ডুবেছে নাবালিকার পরিবার। এ বার সেই ঘটনায় মুখ খুললেন অভয়ার মা রত্না দেবনাথ। সন্তান হারালে পরিবারকে কতটা যন্ত্রণা ভোগ করতে হয়, তা তাঁর অভিজ্ঞতালব্ধ। তাই ওই ঘটনায় সমবেদনা জানালেন পানিহাটির বিধায়িকা। দিলেন নির্যাতিতার পরিবারের সঙ্গে করার প্রতিশ্রুতিও।
সোমবার পানিহাটির বিধানসভা কার্যালয়ে ড. শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে মাল্যদান করার পর সাংবাদিকদের মুখোমুখি হন রত্না। সেখানেই বারুইপুরে তরুণীর উপর নৃশংস নির্যাতনের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানান পানিহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়িকা রত্না দেবনাথ। তিনি বলেন, "এই ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। একজন মা হিসেবে নির্যাতিতার পরিবারের যন্ত্রণা তিনি অনুভব করতে পারি।" তাঁর মন্তব্য, "বিচার মিলবে তবে মা-বাবা কি পাবে!"
বিধায়িকা জানান, নির্যাতিতার পরিবারের সঙ্গে তিনি শীঘ্রই দেখা করবেন। তাঁদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। জানান, দোষীদের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও। তিনি বলেন, "প্রয়োজনে এই বিষয়টি সংসদেও তুলে ধরা হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।"
রত্না দেবনাথ আরও জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে বারুইপুরের ঘটনাটি তাঁর নজরে আনবেন। নির্যাতিতার ন্যায়বিচারের দাবির বিষয়টি তুলে ধরবেন। পাশাপাশি তিনি বলেন, "রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-র সঙ্গেও এই বিষয়ে কথা বলব।"
তাঁর দাবি, নির্যাতিতার পরিবার যাতে দ্রুত ন্যায়বিচার পায়, সেই লক্ষ্যে প্রয়োজনে আন্দোলনেও সামিল হবেন। নির্যাতিতার পাশে থেকে আইনি ও সামাজিক লড়াইয়ে সহযোগিতা করার আশ্বাসও দেন পানিহাটির বিধায়িকা।