• এবার স্কুল পাঠ্যক্রমে শ্যামাপ্রসাদ, ঘোষণা শুভেন্দুর
    আজকাল | ০৬ জুলাই ২০২৬
  • দীক্ষা ভুঁইয়া: ড. শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম আবির্ভাব দিবসে ভবানীপুরের ঐতিহ্যবাহী মিত্র ইনস্টিটিউশনে বড় ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আগামী শিক্ষাবর্ষ থেকেই রাজ্যের স্কুলের পাঠ্যক্রমে ড. শ্যামাপ্রসাদের জীবন, পশ্চিমবঙ্গ গঠনে তাঁর ভূমিকা ও রাষ্ট্রচিন্তা অন্তর্ভুক্ত করার কথা জানান তিনি। একই সঙ্গে বিদ্যালয়ের সংস্কারের জন্য বিধায়ক তহবিল থেকে ২৫ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী।।

    সোমবার ড. শ্যামাপ্রসাদণুখার্জির ১২৫তম আবির্ভাব দিবস উপলক্ষে ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, "ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতিবিজড়িত এই শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি গর্বিত।"

    অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, আগামী শিক্ষাবর্ষ থেকে পশ্চিমবঙ্গের স্কুলের পাঠ্যপুস্তকে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ সৃষ্টিতে ভূমিকা, রাষ্ট্রপ্রেম, অখণ্ড ভারতের ভাবনা, আইনসভায় তাঁর বক্তৃতা, স্বাধীনোত্তর ভারতে শিল্পমন্ত্রী হিসেবে অবদান এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে তাঁর ভূমিকা অন্তর্ভুক্ত করা হবে। তাঁর মতে, বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত এই বিষয়গুলি পড়ান, মুদ্রিত ও চর্চিত হওয়া উচিত।

    শুভেন্দু অধিকারী জানান, ভবানীপুরের বিধায়ক হিসেবে চলতি অর্থবর্ষে এলাকা উন্নয়ন তহবিল থেকে মিত্র ইনস্টিটিউশনের সংস্কারের জন্য ২৫ লক্ষ টাকা বরাদ্দ করবেন। পাশাপাশি বিদ্যালয়টিকে কেন্দ্রের 'পিএম শ্রী' প্রকল্প এবং অটল প্রকল্পের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন বলেও জানান। তিনি বলেন, "বিদ্যালয়ের ঐতিহ্য অক্ষুণ্ণ রেখেই সংস্কার করা হবে। সীমিত পরিসর সত্ত্বেও ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতিচিহ্ন সংরক্ষণ এবং পরিকাঠামোর উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।"

    বক্তৃতার শেষে ছাত্রছাত্রীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, ড. শ্যামাপ্রসাদ মুখার্জিকে প্রকৃত শ্রদ্ধা জানাতে হলে দেশের স্বার্থকেই সর্বাগ্রে রাখতে হবে। তাঁর বার্তা, “Nation First, Nation First, Nation First”। পাশাপাশি বিদ্যালয়ের এক হাজার পড়ুয়াকে ভগিনী নিবেদিতার লেখা 'The Master as I Saw Him' বই উপহার দেওয়ার ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী।
  • Link to this news (আজকাল)