• ‘সতলুজ’-এ জঙ্গিদের প্রতি সহানুভূতি! বড় বিপাকে দিলজিৎ, ছবি নিষিদ্ধে কেন্দ্রকে তোপ কংগ্রেসের
    প্রতিদিন | ০৬ জুলাই ২০২৬
  • জঙ্গি কার্যকলাপ, বিচ্ছিন্নতাবাদের প্রতি সহানুভূতি! দিলজিৎ দোসাঞ্ঝের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনে এফআইআর দায়ের করতে চাইলেন এক আইনজীবী। রবিবার আচমকাই জি ফাইভে মুক্তিপ্রাপ্ত ‘সতলুজ’ ছবিটি সরিয়ে নেওয়া হয়। তারপর থেকেই একের পর এক বিস্ফোরক অভিযোগ উঠছে দিলজিৎ অভিনীত ছবিটি ঘিরে। কেউ বলছেন, ভারতবিদ্বেষের হাতিয়ার হয়ে উঠতে পারে এই ছবি। কারও মতে, জঙ্গিদের প্রতি সহানুভূতি দেখানো হয়েছে সিনেমায়।

    প্রথমে ছবিটির নাম ছিল ‘পাঞ্জাব ৯৫’। তারপর পরিচালক হানি ত্রেহান ছবির নাম বদলে রাখেন ‘সতলুজ’। এই ছবিতে প্রয়াত যশবন্ত সিং খালরার ভূমিকায় অভিনয় করেছেন দিলজিৎ। ১৯৮৪ থেকে ১৯৯৪ সালের মধ্যে পাঞ্জাবে হাজার হাজার অজ্ঞাত পরিচয়ের মৃতদেহ দাহ করার ঘটনা প্রকাশ্যে এনেছিলেন এই যশবন্ত। মূলত তাঁর জীবন এবং আট ও নয়ের দশকে পাঞ্জাবের ঘটনাবলিকে কেন্দ্র করে ছবি তৈরি হয়। কিন্তু জি ফাইভে মুক্তি পাওয়ার মাত্র দু’দিনের মাথায় ছবিটি সরিয়ে নেওয়া হয়।

    এহেন পরিস্থিতিতে বিনীত জিন্দাল নামে এক আইনজীবী জানান, দিলজিতের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে চান। এই মর্মে তিনি স্বরাষ্ট্রমন্ত্রকে আবেদনও জানিয়েছে। বিনীতের মতে, ‘জঙ্গি, উগ্রবাদ, বিচ্ছিন্নতাবাদের মতো ইস্যুগুলির প্রতি সহানুভূতি পোষণ করে এই ছবি। ভুল তথ্যও ছড়ানো হচ্ছে এই ছবির মাধ্যমে। সূত্রের খবর, জি ফাইভ কর্তৃপক্ষও একই মত পোষণ করছেন এই ছবি নিয়ে। তাঁরা মনে করছেন, এই ছবিটি অপব্যবহার করতে পারে ভারতবিরোধীরা। সেকারণেই আপাতত ‘সতলুজ’ সরিয়ে নেওয়া হয়েছে।

    দিলজিতের ছবির সঙ্গে লেগে গিয়েছে রাজনৈতিক রংও। ছবি সরিয়ে দেওয়ার পরই পাঞ্জাবের ক্ষমতাসীন দল আপের প্রশ্ন, কেন এই সিনেমা হলে মুক্তি পেল না? দলের সাংসদ মালবিন্দর সিং কাং বলেন, “যখন কোনও দেশ নিজের ইতিহাসকেই ভয় পায় তখন এভাবে সেন্সরশিপকে হাতিয়ার করে।” ছবি সরিয়ে নেওয়ার তীব্র নিন্দা করেছেন কংগ্রেস সাংসদ সুখপাল খাইরাও। বিজেপির অঙ্গুলিহেলনেই ছবির উপর খাঁড়া নেমে এসেছে বলে তাঁদের মত। অকালি দলের মতে, যতই চেষ্টা চলুক না কেন দিলজিতের এই ছবি নিয়ে মানুষের আগ্রহ চাপা দেওয়া যাবে না।
  • Link to this news (প্রতিদিন)