রাজনৈতিক পালাবদলের পর রাজ্যে প্রথম মহাসমারোহে পালিত হচ্ছে ‘ভারত কেশরী’ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন। এবছর আবার তাঁর ১২৫ তম জন্মবার্ষিকী। ফলে জাঁকজমক কিছুটা বেশি। প্রথমবার মহাকরণে পালন করা হল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন। সরকারি ছুটি থাকলেও সোমবার কর্মীরা সেখানে গিয়ে তাঁর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান।
বাংলার ইতিহাসে শ্যামাপ্রসাদের ভূমিকা যে এতদিন আড়াল হয়ে ছিল, তা সামনে আনতে এমন পবিত্র দিনে বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। তারই একটি ইকো পার্কে ১২৫ ফুট দীর্ঘ শ্যামাপ্রসাদের মূর্তির শিলান্যাস ও ফলক উন্মোচন। সোমবার কলকাতায় এসে বিকেলে সেই শিলান্যাস করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য-সহ প্রশাসন ও শাসকদলের অনেকেই। এদিন বিকেলে দমদম বিমানবন্দর নেমেই শাহ সরাসরি চলে যান ইকো পার্কে। এদিন শ্যামাপ্রসাদের ১২৫ তম জন্মদিন উপলক্ষে কলকাতায় ঝটিকা সফরে তাঁর আসা।