রেলের অভিযানে বড় সাফল্য! ৪৩ লক্ষ টাকারও অধিক মূল্যের নিষিদ্ধ বস্তু ও মূল্যবান সামগ্রী বাজেয়াপ্ত
News18 বাংলা | ০৬ জুলাই ২০২৬
রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ) ২০২৬-এর ২৫ থেকে ৩০ জুন পর্যন্ত তাদের আওতাধীন এলাকায় অপরাধ ও বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে শক্তিশালী অভিযান উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের। সূত্রের খবর, এই সময়ে রেলওয়ে সুরক্ষা বাহিনীর কর্মীরা বিভিন্ন রেলওয়ে স্টেশন ও ট্রেনে ধারাবাহিক সফল অভিযান চালিয়ে মাদকদ্রব্য, অবৈধ মদ, চুরি সামগ্রী, অবৈধ রেলওয়ে টিকিট ও নগদ টাকা উদ্ধারের পাশাপাশি অপরাধীদের গ্রেফতার, অসহায় যাত্রীদের উদ্ধার এবং রেলওয়ের সম্পত্তি সুরক্ষার কাজও সম্পন্ন করেছেন। এই ধারাবাহিক প্রচেষ্টাগুলো একটি নিরাপদ, সুরক্ষিত ও যাত্রী-বান্ধব রেল নেটওয়ার্ক নিশ্চিত করার ক্ষেত্রে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের অবিচল প্রতিশ্রুতিকেই প্রতিফলিত করে।
ছয় দিনের এই অভিযানে রেলওয়ে সুরক্ষা বাহিনীর কর্মীরা ৩৬টি সফল অভিযান চালিয়েছে; এর ফলে প্রায় ৪১.৯৯ লক্ষ টাকা মূল্যের ৮৩.৯৮৪ কেজি গাঁজা, ৩৯ হাজার টাকারও অধিক মূল্যের ৩৪৩ বোতল ও এক ক্যান অবৈধ মদ/বিয়ার, ১.১২ লক্ষ টাকা মূল্যের ৭টি মোবাইল ফোন, ৭ হাজার টাকারও অধিক মূল্যের ০২টি রেলের অবৈধ টিকিট এবং ৩৫ হাজার টাকারও বেশি নগদ ধন উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত সামগ্রীর মোট মূল্য ৪৩.৯২ লক্ষ টাকারও অধিক। রেলওয়ে সুরক্ষা বাহিনীর কর্মীরা ১৭ জন অপরাধীকেও আটক করেছে৷ এদের মধ্যে মাদকদ্রব্য পাচার, অবৈধভাবে টিকিট বিক্রি, চুরি, পাথর নিক্ষেপ এবং রেলওয়ে আইন ও অন্যান্য প্রযোজ্য আইনের অধীনে অন্যান্য অপরাধের সাথে জড়িত ব্যক্তিরা অন্তর্ভুক্ত রয়েছে।
এই অভিযানগুলো রেলওয়ে সুরক্ষা বাহিনীর মানবিক অঙ্গীকারকেও তুলে ধরেছে। প্রতিবেদনকালীন সময়ে রেলওয়ে সুরক্ষা বাহিনী মোট ১৭ জন ব্যক্তিকে – যার মধ্যে ১৫ জন নাবালক-নাবালিকা এবং ২ জন অসহায় প্রাপ্তবয়স্ক ব্যক্তি অন্তর্ভুক্ত ছিলেন। তাঁদের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট শিশু কল্যাণ কমিটি, চাইল্ডলাইন, ওয়ান স্টপ সেন্টার, এনজিও বা অভিভাবকদের কাছে নিরাপদে হস্তান্তর করা হয়।
এছাড়াও, রেলওয়ে সুরক্ষা বাহিনীর কর্মীরা ডালখোলা রেলওয়ে স্টেশনে এক আহত যাত্রীকে দ্রুত চিকিৎসা সহায়তা প্রদান করেন, যার ফলে তিনি সময়মতো চিকিৎসা পান এবং তাঁকে সুরক্ষিতভাবে স্বাস্থ্যকেন্দ্রে স্থানান্তর করা সম্ভব হয়।
রেলওয়ের সম্পত্তি সুরক্ষার প্রচেষ্টার অংশ হিসেবে, রেলওয়ে সুরক্ষা বাহিনী সিভিল এডমিনিষ্ট্রেশ্যান, আরপিএসএফ, জিআরপি এবং স্থানীয় পুলিশের সাথে সুগম সমন্বয় বজায় রেখে সাফরাই রেলওয়ে স্টেশনে সফলভাবে অবৈধ দখল উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। এই অভিযানে ৬১টি অননুমোদিত কাঠামো উচ্ছেদ করা হয়, যার ফলে প্রায় ৫,৬০০ বর্গমিটার রেলওয়ে ভূমি দখলমুক্ত হয়। উচ্ছেদ অভিযানটি কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছিল।