• রথ দেখতে পুরী যেতে চান? বড় সুখবর! চলবে রথযাত্রা স্পেশাল ট্রেন, বিশদে জানুন
    News18 বাংলা | ০৬ জুলাই ২০২৬
  • সামনেই রথযাত্রা, আর এই পুণ্য তিথিতে পুরী যাওয়ার জন্য দর্শনার্থীদের ভিড় স্বাভাবিকভাবেই উপচে পড়ে। ৬০ দিন আগে থেকেও টিকিট কেটে কনফার্ম হওয়ার সম্ভাবনা কম থাকে। তবে এবার যাত্রীদের সুবিধায় অভিনব উদ্যোগ নিল রেল কর্তৃপক্ষ। যাত্রীদের এই অতিরিক্ত ভিড় সামাল দিতে এবং তাঁদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে বিশেষ রথযাত্রা স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ-পূর্ব রেল। রেলের তরফ থেকে জানান হয়েছে, কলকাতা-খুরদা রোড-কলকাতা রুটে এই রথযাত্রা স্পেশাল ট্রেনটি চালান হবে। যার ফলে কমবে যাত্রী চাপ।

    বিজ্ঞপ্তি অনুযায়ী, ০৩১০১ কলকাতা-খুরদা রোড রথযাত্রা স্পেশাল ট্রেনটি আগামী ১৩, ১৪, ১৫, ২১, ২২ এবং ২৩ জুলাই (২০২৬) কলকাতা স্টেশন থেকে ছাড়বে। রাত ১১টা ৫০ মিনিটে রওনা দিয়ে ট্রেনটি পরের দিন সকাল ৯টা ৩৫ মিনিটে খুরদা রোড পৌঁছবে।

    অন্যদিকে, ফেরার পথে ০৩১০২ খুরদা রোড-কলকাতা রথযাত্রা স্পেশাল ট্রেনটি ১৪, ১৭, ১৮, ২২, ২৫ এবং ২৬ জুলাই খুরদা রোড থেকে ছাড়বে। এটি বিকেল ৩টে ৪০ মিনিটে রওনা দিয়ে পরের দিন রাত ২টোয় কলকাতা স্টেশনে এসে পৌঁছবে।

    দক্ষিণ-পূর্ব রেলের এক্তিয়ারভুক্ত আন্দুল, খড়গপুর এবং বালেশ্বর স্টেশনে এই ট্রেনটি থামবে বলে জানান হয়েছে। প্রসঙ্গত রথযাত্রা মানে বাঙালির আবেগ ও উন্মাদনা। এই সময়ে পবিত্র রথযাত্রা দেখতে ভিড় লেগে যায়। তাই অতিরিক্ত ভিড় সামাল দিতে এই আয়োজন রেলের।

    রথযাত্রার এই বিশেষ ট্রেনের পাশাপাশি যাত্রীদের জন্য আরও একটি খবর দিয়েছে রেল। যাত্রীদের সুবিধার্থে শালিমার এবং বিশাখাপত্তনমের মধ্যে চলাচলকারী স্পেশাল ট্রেনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। ০৮৫০৮ বিশাখাপত্তনম-শালিমার স্পেশাল ট্রেনটি আগামী ২৮ জুলাই, ২০২৬ পর্যন্ত চলাচল করবে। ঠিক একইভাবে, ০৮৫০৭ শালিমার-বিশাখাপত্তনম স্পেশাল ট্রেনটির মেয়াদ বাড়িয়ে ২৯ জুলাই, ২০২৬ পর্যন্ত করা হয়েছে। রেলের এই সিদ্ধান্তে রথযাত্রার মরসুমে এবং সাধারণ সময়ে যাতায়াতকারী বহু নিত্য ও দূরপাল্লার যাত্রী বিশেষভাবে উপকৃত হবেন।
  • Link to this news (News18 বাংলা)