নতুন ধারা যুক্ত হল বারুইপুর কাণ্ডে, আগে ধৃত দু’জনের ১৪ দিনের হেফাজত চাইল পুলিশ
News18 বাংলা | ০৬ জুলাই ২০২৬
বারুইপুরে ঘটনায় গ্রেফতার হওয়া প্রভাস মণ্ডল ও দিবাকর সর্দারকে মঙ্গলবার বারুইপুর আদালতে পেশ করা হয়। আদালতে সরকারি আইনজীবী জানান, এটি একটি অত্যন্ত স্পর্শকাতর মামলা। তদন্তের স্বার্থে এখনও গুরুত্বপূর্ণ নমুনা সংগ্রহ এবং অন্যান্য বৈজ্ঞানিক পরীক্ষা বাকি রয়েছে। পাশাপাশি, তথ্য-প্রমাণ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। তাই দুই অভিযুক্তকে ১৪ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথমে নাবালিকাকে অপহরণের অভিযোগে মামলা দায়ের হয়। সেই মামলার তদন্তে নেমে পুলিশ প্রথমে প্রভাস মণ্ডলকে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদ করেই নাবালিকার দেহ উদ্ধার হয়। এরপর তদন্তের অগ্রগতিতে দিবাকর সর্দারকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার আরও এক অভিযুক্ত আনন্দ সরদারকে গ্রেফতার করা হয়েছে। বারুইপুরের ঘটনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে ইতিমধ্যে কথা হয়েছে মৃত ছাত্রীর বাবার৷ প্রত্যেক দোষীকে শাস্তির আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।
বারুইপুরে নাবালিকার মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যে একই পুকুর থেকে উদ্ধার আরও এক পচাগলা দেহ! কার দেহ? কী করে এল? বাড়ছে রহস্য
রবিবার সকালে বারুইপুরে পুকুর থেকে উদ্ধার হয় ১২ বছরের কিশোরীর দেহ। পরিবারের দাবি, কিশোরীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। তারপর থেকেই ওই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছে এলাকা। যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে। অভিযোগ, শনিবার বিকেলে ওই যুবকের অটোতেই কিশোরীকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। তদন্তের জন্য গঠিত হয়েছে সিট (বিশেষ তদন্তকারী দল)।
নাবালিকা খুনের তদন্তে কোনও ফাঁক রাখছে না পুলিশ৷ প্রাথমিক তদন্তে বারুইপুর থানার পুলিশের সন্দেহ শ্বাসরোধ করে খুন করা হয়েছে ওই নাবালিকাকে। ওই নাবালিকা শনিবার বিকেল ৪ টে থেকে নিখোঁজ ছিল। পরিবারের অভিযোগ, খাবার কেনার জন্যই বেরিয়েছিল ওই নাবালিকা। তারপরে চার অভিযুক্ত তাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। এর জেরে রবিবার সকাল থেকে উত্তপ্ত ছিল সূর্যপুর হাট এলাকা। তার মাঝেই আরও এক রহস্যমৃত্যু৷ বাড়ছে চাঞ্চল্য৷ এই ঘটনায় বারুইপুর থানায় মোট তিনটি মামলা রুজু হয়েছে। এক, নাবালিকার খুনের মামলা, দুই, পুলিশের উপর হামলা, তিন, পিটিয়ে মারার ঘটনায় মামলা। তদন্তের জন্য ছয় সদস্যের সিট গঠন করা হয়েছে।