• ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তীতে মেগা চমক! কাটোয়ার ‘লেলিন সরণি' পেল নয়া নাম
    News18 বাংলা | ০৬ জুলাই ২০২৬
  • : কোনও শহরের রাস্তার নাম শুধুমাত্র একটি পরিচয় নয়, বরং সেই শহরের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং সময়ের পরিবর্তনেরও প্রতিচ্ছবি। কাটোয়া শহরের অন্যতম পরিচিত রাস্তা, যা এতদিন ‘লেলিন সরণি’ নামে পরিচিত ছিল, সেটি এদিন সোমবার থেকে ‘শ্যামাপ্রসাদ সরণি’ নামে পরিচিত হল। ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর আবক্ষ মূর্তি উন্মোচনের পাশাপাশি এই ঐতিহাসিক সিদ্ধান্ত কার্যকর করা হয়। কাটোয়া পুরসভা মোড়ে আয়োজিত অনুষ্ঠানে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক, জনপ্রতিনিধি, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজের বিভিন্ন স্তরের মানুষ এবং বহু সাধারণ নাগরিক উপস্থিত ছিলেন।

    উপস্থিত বক্তাদের বক্তব্যে উঠে আসে, ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় শুধুমাত্র একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না, তিনি ছিলেন একজন প্রখ্যাত শিক্ষাবিদ, দূরদর্শী চিন্তাবিদ এবং বাংলার গর্ব। তাঁর আদর্শ, দেশপ্রেম ও জনসেবার মানসিকতা আজও বহু মানুষের কাছে অনুপ্রেরণা। তাই শহরের একটি গুরুত্বপূর্ণ রাস্তার নাম তাঁর নামে উৎসর্গ করাকে তাঁরা যথার্থ সম্মান প্রদর্শন বলেই মনে করছেন। নাম পরিবর্তনের এই সিদ্ধান্তকে ঘিরে শহরের রাজনৈতিক ও সামাজিক মহলেও ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

    কেউ একে ইতিহাসের পুনর্মূল্যায়ন হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন, সময়ের সঙ্গে সঙ্গে সমাজ নিজের স্মৃতিচিহ্ন ও পরিচয়কে নতুনভাবে সাজিয়ে তোলে। সেই ধারাবাহিকতারই একটি অংশ এই ‘শ্যামাপ্রসাদ সরণি’। কাটোয়ার মানুষদের কাছে ‘লেলিন সরণি’ থেকে ‘শ্যামাপ্রসাদ সরণি’ হয়ে ওঠার এই দিনটি শুধুই একটি নাম পরিবর্তনের ঘটনা নয়, বরং শহরের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকার মতো এক গুরুত্বপূর্ণ অধ্যায়।

    এই নতুন পরিচয় আগামী দিনে কাটোয়ার মানচিত্রে যেমন স্থায়ী জায়গা করে নেবে, তেমনই শহরের স্মৃতিতেও বহন করবে এক নতুন ঐতিহাসিক পরিচয়ের বার্তা। এতদিন শহরের মানুষ যে রাস্তাকে লেলিন সরণী নামে চিনত, এবার থেকে সেটাই হবে শ্যামাপ্রসাদ সরণী। কিছুটা সময় লাগলেও কিছুদিন পর এই নামই শোনা যাবে মানুষের মুখে মুখে।
  • Link to this news (News18 বাংলা)