একটা পুরনো চাদর, রহস্যময় 'বান্ধবী', একটা সিসিটিভি ফুটেজ! নিখোঁজ মেয়ের খোঁজে এবার তারাপীঠে বাবা
News18 বাংলা | ০৬ জুলাই ২০২৬
চলতি বছর ১৩মার্চ হঠাৎ সিউড়ি শহরের ডাঙ্গালপাড়ার বছর ২৪-এর অমৃতা বাবা-মাকে ছেড়ে ঘর থেকে বেরিয়ে যায়। যাওয়ার সময় শুধু একটি পুরনো চাদর নিয়ে বেরিয়েছিল বলে জানা যায়। সেই থেকে কেটেছে অনেকটা সময়৷ এখনও পর্যন্ত নিখোঁজ মেয়ের সন্ধানে এই প্রান্ত থেকে অন্যপ্রান্ত ঘুরে চলেছেন অমৃতার বাবা অর্ধেন্দু সিংহ। পুলিশ প্রশাসন দিনরাত এক করে তল্লাশি চালাচ্ছে অমৃতার। তবে কোথাও কোনও আশার আলো দেখা যাচ্ছে না। সিসিটিভি ক্যামেরায় শেষবার অমৃতাকে দেখা গিয়েছিল সিউড়ি-রাজগ্রাম লাইনের একটি বাসে চাপতে। তারপর আর কোনও খোঁজ নেই। আর সেই কারণেই তদন্ত কার্যত থমকে দাঁড়িয়েছিল।
অমৃতা সিংহের বাবা অর্ধেন্দু সিংহ আমাদের জানান “আমার মেয়ে সিউড়ি-রাজগ্রাম লাইনের বাসে চেপে বেরিয়ে গিয়েছিল৷ আমার মনে হয় মেয়ে আমার তারাপীঠের আশেপাশে কোথাও রয়েছে। কারণ সিউড়ি থেকে মুনসুভা মোড়ে নেমে খুব সহজেই তারাপীঠ পৌঁছে যাওয়া যায়। সেই কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি দুই থেকে তিন দিন তারাপীঠে থাকব।”
আরও পড়ুন- বারুইপুরে নাবালিকার মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যে একই পুকুর থেকে উদ্ধার আরও এক পচাগলা দেহ! কার দেহ? কী করে এল? বাড়ছে রহস্য
অর্ধেন্দুবাবু আরও জানান “তারাপীঠ মহাশ্মশানে প্রত্যেকদিন হাজার হাজার ভক্তদের বিনামূল্যে খাবার খাওয়ানো হয়, আমার মনে হয় আমার মেয়েও ওই শ্মশানে এসে দুপুরে খাবার খায়, সেই কারণে আমি শ্মশানে গিয়ে সাধু সন্ন্যাসীদের কাছে আমার মেয়ের ব্যাপারে খোঁজ নেব। আমার বিশ্বাস আমার মেয়ে তারাপীঠেই আছে। মা তারার কাছে আমার একটাই প্রার্থনা তিনি যেন এবার আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দেন। সেটা না হলে আমি এবার আমার স্ত্রীকেও বাঁচাতে পারব না। মেয়ের জন্য দিনরাত কেঁদে চলেছে আমার স্ত্রী। শরীর দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে।” অমৃতার বাড়ি বীরভূম জেলার সদর শহর সিউড়ির ডাঙ্গলপাড়া এলাকায়। হাতে একটা টাকাপয়সা, মোবাইল ফোন কিচ্ছু না। শুধু মাত্র বাবার বাজারের ব্যাগে মাত্র একটি সাদা চাদর নিয়ে ঘর ছেড়েছিলেন অমৃতা।