'বসু-পরিবার' -এর স্বপ্নপূরণ! বারাসতে চালু হল এসি লোকাল, কথা রেখে সপরিবারে প্রথম টিকিট কেটে যাত্রা
News18 বাংলা | ০৬ জুলাই ২০২৬
বারাসত থেকে শিয়ালদহ লাইনে যাত্রা শুরু করল এসি লোকাল। প্রথম দিনে ট্রেনে চাপা যাত্রীদের মধ্যে দেখা গেল উদ্দীপনা। প্রথম দিনেই ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেল যাত্রীদের মধ্যে। হল দীর্ঘ প্রতীক্ষার অবসান হল যেন। শিয়ালদহ–বনগাঁ শাখার বারাসত থেকে আনুষ্ঠানিকভাবে এদিন উদ্বোধন হল এসি লোকাল ট্রেন পরিষেবার। প্রথম দিনের যাত্রীদের মধ্যে ছিলেন বারাসতের বাসিন্দা দেবব্রত বসু। তিনি জানান, অনেক আগেই স্ত্রীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, বারাসাত থেকে যেদিন এসি লোকাল চালু হবে পরিবারের সকলকে নিয়ে সেই ট্রেনে ভ্রমণ করবেন। সেই কথা রাখতেই ট্রেন ছাড়ার প্রায় এক ঘণ্টা আগে বারাসাত স্টেশনে পৌঁছে চারজনের টিকিট কাটেন তিনি। সকাল ১০টা ৫৪ মিনিটে কাটা টিকিটে প্রথম এসি লোকালে স্ত্রী ও পরিবারের সদস্যদের নিয়ে যাত্রা শুরু করেন বসু পরিবার।
দেবব্রত বসু বলেন, ‘অনেকদিনের ইচ্ছা ছিল পরিবারের সবাইকে নিয়ে এসি লোকালে চড়ব। আজ সেই ইচ্ছা পূরণ হয়েছে।’ তাঁর স্ত্রী দেবাঙ্গি বসুও জানান, ‘স্বামীর দেওয়া প্রতিশ্রুতি পূরণ হওয়ায় তিনি খুবই খুশি।’ একইসঙ্গে তিনি বলেন, ‘এই পরিষেবা যাত্রীদের জন্য অত্যন্ত উপকারী হলেও ভবিষ্যতে টিকিটের ভাড়া কিছুটা কমানো হলে আরও বেশি মানুষ এর সুবিধা নিতে পারবেন।’ এতদিন বারাসত থেকে শিয়ালদহগামী যাত্রীদের সাধারণ লোকাল ট্রেনেই ভিড়ের মধ্যে যাতায়াত করতে হতো। এবার ব্যস্ত সময়ে এসি লোকাল চালু হওয়ায় অফিসযাত্রীদের পাশাপাশি হাসনাবাদ শাখার যাত্রীরাও উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন- বারুইপুরে নাবালিকার মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যে একই পুকুর থেকে উদ্ধার আরও এক পচাগলা দেহ! কার দেহ? কী করে এল? বাড়ছে রহস্য
বারাসাত থেকে শিয়ালদহ পর্যন্ত এসি লোকালের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬০ টাকা। ট্রেনটি সকাল ১০টা ৩৩ মিনিটে শিয়ালদহ থেকে বারাসতে পৌঁছে সকাল ১১টা ২৯ মিনিটে বারাসাত থেকে শিয়ালদহের উদ্দেশে রওনা দেবে। প্রথম দিনেই নতুন পরিষেবায় ভাল যাত্রী সমাগম লক্ষ্য করা যায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসতের নবনির্বাচিত বিধায়ক শংকর চ্যাটার্জি এবং রেলের আধিকারিকরা। রেল সূত্রে জানা গিয়েছে, এখন থেকে প্রতিদিন নিয়মিত চলবে এই এসি লোকাল ট্রেন। নতুন এই পরিষেবা চালু হওয়ায় বারাসাতের নিত্যযাত্রীদের যাতায়াতে যেমন আরাম বাড়বে, তেমনি সময়ও সাশ্রয় হবে বলে আশা করা হচ্ছে।