• কথা রাখলেন শুভেন্দু
    আজকাল | ০৭ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: তারাতলার নির্মীয়মাণ গোডাউন ভেঙে পড়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে চলেছে রাজ্য সরকার। আগামীকাল নবান্ন সভাঘরে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই দুর্ঘটনায় মৃত এবং আহতদের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হবে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, মৃতদের পরিবার পিছু ১০ লাখ টাকা এবং গুরুতর আহতদের পরিবার পিছু ১ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে।

    কলকাতা পুরসভার তরফ থেকে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। প্রশাসনিক সূত্রের খবর, আগামীকাল নবান্নের এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যের মুখ্যসচিব, কলকাতা পুরসভার প্রশাসক স্মিতা পাণ্ডে সহ একাধিক মন্ত্রী এবং উচ্চপদস্থ সরকারি আধিকারিকেরা। তাঁদের উপস্থিতিতেই দুর্ভাগা পরিবারগুলোর হাতে এই আর্থিক অনুদান তুলে দেওয়া হবে। ১৬ জন মৃতের পরিবারের হাতে এবং ১৭ জন আহতদের পরিবারের হাতে সরকারি সাহায্য তুলে দেওয়া হবে।

    উল্লেখ্য, এই মর্মান্তিক দুর্ঘটনার সময়ে রাজ্যে বিধানসভার অধিবেশন চলছিল। ফলে গত ২৫ মে মুখ্যমন্ত্রী বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোসের বিশেষ অনুমতি নিয়ে অধিবেশনে এই ক্ষতিপূরণের কথা প্রথম ঘোষণা করেছিলেন।

    প্রশাসন সূত্রে জানানো হয়েছে, দুর্ঘটনার দিনই মুখ্যমন্ত্রী উদ্ধারকাজের সার্বিক তদারকি করেছিলেন। তিনি স্পষ্ট জানিয়েছিলেন যে, রাজ্য প্রশাসনের বিভিন্ন বিপর্যয় মোকাবিলা সংস্থা, ভারতীয় সেনাবাহিনী এবং স্থানীয় বাসিন্দাদের দ্রুত ও সমন্বিত উদ্যোগের ফলেই বহু মূল্যবান প্রাণ রক্ষা করা সম্ভব হয়েছে। দিন-রাত এক করে চালানো সেই রুদ্ধশ্বাস উদ্ধার অভিযানের ফলেই ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া বহু শ্রমিককে শেষ পর্যন্ত জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছিল। আগামীকাল সেই ক্ষতিগ্রস্ত মানুষদের হাতেই সরকারি সাহায্য তুলে দিয়ে রাজ্য সরকার তাঁদের পাশে থাকার বার্তা পুনর্ব্যক্ত করতে চলেছে।
  • Link to this news (আজকাল)