• মন্মথপুর প্রণব মন্দিরে উদযাপিত ডা. শ্যামাপ্রসাদ মুখার্জীর ১২৫তম জন্মজয়ন্তী
    প্রতিদিন | ০৭ জুলাই ২০২৬
  • দেশপ্রেম ও সমাজসেবার এক অনন্য মেলবন্ধনের সাক্ষী থাকল মন্মথপুর। যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে মন্মথপুর প্রণব মন্দির প্রাঙ্গণে পালিত হল জনসংঘের প্রতিষ্ঠাতা ডা. শ্যামাপ্রসাদ মুখার্জীর ১২৫তম জন্মজয়ন্তী। মন্দির কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে হাজির ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব, শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষ।

    সকালে ডা. মুখার্জীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর এক আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে বক্তারা দেশের শিক্ষাক্ষেত্র, দেশপ্রেম এবং জাতীয় সংহতি রক্ষায় তাঁর অসামান্য অবদানের কথা স্মরণ করেন। একইসঙ্গে তাঁকে যুগাবতার আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজের ভাবশিষ্য হিসেবেও উল্লেখ করা হয়। অনুষ্ঠানে মন্মথপুর প্রণবানন্দ বিদ্যামন্দিরের শিক্ষক ও পড়ুয়ারা যৌথভাবে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন।

    এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে একাধিক সমাজকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। মন্দিরের পক্ষ থেকে ৩০০ জন দুঃস্থ ও অসহায় শিশুর হাতে নতুন স্কুল ইউনিফর্ম তুলে দেওয়া হয়। এছাড়াও ১২৫ জন মহিলাকে শাড়ি এবং স্বামী প্রণবানন্দ শান্তি কানন পার্কে ১২৫টি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি, ১২৫ জন যুবকের হাতে একটি করে ফলের চারা ও সাদা গেঞ্জি তুলে দেওয়া হয়।

    অনুষ্ঠানের বক্তারা বর্তমান প্রজন্মে ডা. মুখার্জীর আদর্শের প্রাসঙ্গিকতার কথা তুলে ধরেন। তরুণ সমাজের সামনে তাঁর সততা ও ত্যাগের আদর্শ তুলে ধরার পাশাপাশি স্বামী প্রণবানন্দজী মহারাজের জীবন ও কর্ম পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়। সমগ্র অনুষ্ঠানকে কেন্দ্র করে মন্মথপুর ও সংলগ্ন এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ।
  • Link to this news (প্রতিদিন)