শ্যামাপ্রসাদের জন্মদিনে পতাকা উত্তোলনের সময় মর্মান্তিক ঘটনা, মৃত্যু বিজেপি কর্মীর!
প্রতিদিন | ০৭ জুলাই ২০২৬
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে পতাকা তোলার সময় ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বিজেপি কর্মীর মৃত্যু হল। গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি বিজেপির মণ্ডল সভাপতি-সহ আরও ৩ জন। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের কেশপুরে। বঙ্গে পালাবদলের পর এবারই প্রথম রাজ্যজুড়ে সংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস পালিত হল। তার মধ্যেই এই ঘটনা।
জানা গিয়েছে, কেশপুরের আনন্দপুর থানার বুড়াপাট পাঁচখুরি এলাকায় বিজেপির স্থানীয় নেতা-কর্মীরা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মতিথি পালনের জন্য জড়ো হয়েছিলেন। দলীয় পতাকা উত্তোলনের সময়ই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। পতাকা উত্তোলনের জন্য একটি লোহার রড নেওয়া হয়েছিল। ওই এলাকার উপর দিয়েই গিয়েছে হাইটেনশন বিদ্যুতের তার। সেই রড সোজাভাবে তোলার সময় সেটি কোনওভাবে ওই হাইটেনশন তারের সংস্পর্শে চলে আসে। মুহূর্তের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হন ওই চার বিজেপি কর্মী।
দ্রুত তাঁদের উদ্ধার করে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা পাপাই পান নামে ওই বিজেপি কর্মীকে মৃত বলে ঘোষণা করেন। বাকি তিনজন গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। কেশপুর এলাকার বিজেপি নেতা তন্ময় ঘোষ জানিয়েছেন, পতাকা তোলার সময় অসাবধানতাবশত পাইপটি পাশ দিয়ে যাওয়া হাইটেনশন বিদ্যুতের তারে লেগে যায়। জখমদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও একজনকে বাঁচানো সম্ভব হয়নি। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। ঘটনায় শোকের ছায়া এলাকায়।