মানবিক মুখ বনকর্মীদের। বাইক দুর্ঘটনায় আহত হয়ে জঙ্গলের মধ্যে পড়েছিলেন এক দম্পতি। তাঁদের উদ্ধার করে স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে দিলেন বনকর্মীরা। জলপাইগুড়ি জেলার লাটাগুড়ি এলাকার ঘটনা। তবে বন দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, তাঁরা বাড়তি কোনও কাজ করেননি। শুধুমাত্র নিজেদের দায়িত্ব এবং কর্তব্য পালন করেছেন তাঁরা।
বন দপ্তর সূত্রে খবর, সোমবার সন্ধ্যায় লাটাগুড়ি জঙ্গল এলাকায় ৭১৭ নম্বর জাতীয় সড়কের ওপর মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন এক দম্পতি। জখম ওই দম্পতির নাম কামাখ্যা সরকার ও শান্তনা সরকার। তাঁদের বাড়ি শিলিগুড়িতে। তাঁদেরকে উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন বন দপ্তরের কর্মীরা। ওই দম্পতির অবস্থা আশঙ্কাজনক হওয়ার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়।
জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় মোটরসাইকেলে ওই জঙ্গল এলাকা দিয়ে যাচ্ছিলেন কামাখ্যা সরকার ও শান্তনা সরকার। সেই সময়ে গাড়ি সজোরে তাঁদের ধাক্কা মেরে পালিয়ে যায়। গুরুতর আহত হয়ে জঙ্গলের মধ্যে রাস্তায় পড়ে যান তাঁরা। সেই সময়েই সেই মুহুর্তে ওই এলাকায় রুটিন টহলদারিতে ছিলেন বন দপ্তরের লাটাগুড়ির রেঞ্জার সঞ্জয় দত্ত। বনকর্মীদের সঙ্গে নিয়ে জঙ্গলে গিয়েছিলেন তিনি। ওই দম্পতিকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন তিনি।
সঞ্জয় দত্ত জানান, যেখানে ওই বাইক দুর্ঘটনা হয় ওই এলাকা দিয়েই বন্যপ্রাণীরা আসা যাওয়া করে। তাই আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।
ওই এলাকায় জঙ্গলে যাতে কোনও রকম বেআইনি কাজ না চলে সেই জন্য নিয়মিত টহল দেওয়া হয়। অনেক সময়ে রাতেও টহলদারির কাজ চলে বলে জানিয়েছেন লাটাগুড়ির রেঞ্জ অফিসার।