বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের জেরে রবিবার ও সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টি হয়েছে। তবে, সোমবার বিকেলের পরে থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা হলেও কমেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত এমনই থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। বৃষ্টির পরিমাণ কিছুটা কম হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। তবে, আর্দ্রতাজনিত অস্বস্তি বৃদ্ধি পাবে। অন্যদিকে, আগামী কয়েকদিন উত্তরবঙ্গে বৃষ্টিপাত চলবে। কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী, বিগত দু’দিনে লাগাতার ঝড়বৃষ্টির দাপটে স্বাভাবিকের তুলনায় কমেছে শহরের সর্বোচ্চ তাপমাত্রা। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৩.৫ ডিগ্রি সেলসিয়াস কম। এ দিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। সোমবার সকাল সাড়ে ছ’টা থেকে মঙ্গলবার সকাল সাড়ে ছ’টা পর্যন্ত মোট ২০.৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে শহরে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি ওডিশা থেকে ঝাড়খণ্ড হয়ে ছত্তিসগড়ের দিকে সরে গিয়েছে। মৌসুমি অক্ষরেখাটিও সরে গিয়েছে মুর্শিদাবাদের উত্তরে। এর ফলে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ ও তীব্রতা কম থাকবে দক্ষিণবঙ্গে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তিও। তবে, শুক্রবার থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দক্ষিণবঙ্গে। উইকএন্ডে একাধিক জায়গায় ঝড়বৃষ্টির পরিমাণ ও তীব্রতা বাড়বে। সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়ার দাপট।
অন্যদিকে, উত্তরবঙ্গে মঙ্গলবার থেকে ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে। মঙ্গলবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনও কোনও জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টির সর্তকতা থাকছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহার জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। শুক্রবার ও শনিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার এই পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সঙ্গে ঝোড়ো বাতাস বইতে পারে।