• বেনজির পদক্ষেপ, কলকাতায় আজ থেকেই চালু 'মুখোমুখি'
    আজকাল | ০৭ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে পালাবদলের পরই ইস্তফা দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। আপাতত মহানগরের পুর পরিষেবার দায়িত্ব সামলাচ্ছেন পুর কমিশনার স্মিতা পাণ্ডে। এসবের মধ্যেই বেনজির পদক্ষেপ পশ্চিমবঙ্গের পুর ও নগরোন্নয়ন মন্ত্রীর। কলকাতার নাগরিকদের পুরপরিষেবা সংক্রান্ত অভাব, অভিযোগ বা পরামর্শ শুনতে আজ, মঙ্গলবার থেকেই চালু হচ্ছে নতুন এক কর্মসূচি, 'মুখোমুখি'। সোশাল মিডিয়ায় এই বিশেষ কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছে। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এই কর্মসূচিতে উপস্থিত হয়ে কলকাতার নাগরিকদের সঙ্গে ফোনে কথা বলবেন। 

    'মুখোমুখি' কর্মসূচিতে মন্ত্রীর সঙ্গে কথা বলার জন্য চালু করা হয়েছে একটি টোল-ফ্রি হেল্পলাইন নম্বর (১৮০০২০৩৫১২৩)। বিকেল তিনটে থেকে চারটে পর্যন্ত 'মুখোমুখি'তে ফোন করলেই কথা বলা যাবে মন্ত্রী অগ্নিমিত্রা পালের সঙ্গে।

    জানা গিয়েছে, এই কর্মসূচিতে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ছাড়াও থাকবেন ওই দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরাও। অভাব, অভিযোগ জানার পরই যাতে দ্রুত পদক্ষেপ করা যায় তাই এই উদ্যোগ।

    কলকাতার নাগরিক পুর পরিষেবা উন্নত করতে মরিয়া রাজ্য সরকার। এর আগে শহরের আবর্জনা, বেআইনি নির্মাণ, জমা জল ও অন্যান্য নাগরিক পরিষেবা সংক্রান্ত সমস্যা সরাসরি জানানোর জন্য পুর ও নগরোন্নয়ন দপ্তরের তরফে একটি বিশেষ টোল-ফ্রি নম্বর (১৮০০৩৪৫০৯৩৮) চালু করা হয়েছে। এই পরিষেবাটি সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চালু থাকে। 

     
  • Link to this news (আজকাল)