নতুন প্রজন্মের জন্য অনন্য সুযোগ! পূর্ব মেদিনীপুরে বছরভর জানা যাবে ডঃ শ্যামাপ্রসাদের অজানা কাহিনি
News18 বাংলা | ০৭ জুলাই ২০২৬
: ভারত কেশরী ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মদিন সরকারি মর্যাদায় পালিত হল স্কুল কলেজ অফিস আদালত সর্বত্রই। রাজ্যে পালা বদলের পর নতুন সরকার আসার পরেই শ্যামাপ্রসাদের জন্ম দিবস মৃত্যু দিবস পালনে জোর দেওয়া হয়েছে রাজ্য সরকারের উদ্যোগে। সেই উদ্যোগে এবার পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী জেলাবাসীর কাছে তুলে ধরতে অভিনব আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে ৬ জুলাই সোমবার বিশেষ তথ্য চিত্রের উদ্বোধন করা হয়।
রাজ্য সরকার ২৩ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত শ্যামাপ্রসাদ পক্ষ উদযাপন করেছে। ৬ জুলাই সকাল থেকেই নানান কর্মসূচির মাধ্যমে পূর্ব মেদিনীপুর জেলাশাসক কার্যালয়ে তাঁর ১২৫ তম জন্মবার্ষিকী উদযাপন হল। সকালে র্যালির মাধ্যমে শ্যামাপ্রসাদ জন্মবার্ষিকী উদযাপন শুরু হয় জেলায়। এই র্যালিতে অংশগ্রহণ করেছিলেন জেলাশাসক নিরঞ্জন কুমার সহ অতিরিক্ত জেলাশাসক এবং অন্যান্য আধিকারিকেরা। বিকেলে শ্যামাপ্রসাদ জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত হয় জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলাশাসক কার্যালয়ের সভাগৃহে এই অনুষ্ঠান আয়োজিত হয়।
পূর্ব মেদিনীপুর জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের পক্ষ থেকে নাচ গান আবৃত্তি এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের উপর বক্তৃতা নিয়ে এই অনুষ্ঠান সাজানো হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক নিরঞ্জন কুমার জেলা পুলিশ সুপার অংশুমান সাহা, জেলা পরিষদের সভাধিপতি বামদেব গুছাইত, পূর্ব মেদিনীপুর জেলার অন্যান্য অতিরিক্ত জেলাশাসক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানের প্রথমেই তথ্যচিত্রে শ্যামাপ্রসাদ গ্যালারির উদ্বোধন করেন জেলাশাসক। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবন কাহিনী তুলে ধরা হয়েছে ঐ তথ্যচিত্রে। তাঁর শৈশব কাল থেকে শুরু করে রাজনৈতিক ও জীবন কর্মজীবন বিভিন্ন বিশিষ্ট ঘটনাগুলোকে তুলে ধরা হয়েছে।
পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে এই তথ্য চিত্রের বিষয়ে জেলাশাসক জানান, “শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী নিয়ে এই তথ্য চিত্র তৈরি করা হয়েছে। এই তথ্যচিত্র থেকেই সাধারণ মানুষ ও বর্তমান সময়ের পড়ুয়ারা ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সম্পর্কে জানতে পারবে। এই তথ্য চিত্র জেলা প্রশাসনিক ভবনের সামনে থাকবে, যাতে সাধারণ মানুষ জেলা প্রশাসনিক ভবনে প্রবেশ করলেই দেখতে পাবে।” প্রশাসন সূত্রে জানা যায়, ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী সমৃদ্ধ এই তথ্যচিত্র আগামী এক বছর ধরে রাখা থাকবে জেলা প্রশাসনিক ভবনে। সবমিলিয়ে এই তথ্য চিত্রের মাধ্যমে স্কুল-কলেজ পড়ুয়া থেকে সাধারণ মানুষ ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে আরও জানতে পারবে।