দক্ষিণবঙ্গের এই দুই জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির শঙ্কা, কলকাতায় আজ কেমন থাকবে আবহাওয়া?
আজ তক | ০৭ জুলাই ২০২৬
রবি, সোম পরপর দু'দিন টানা বৃষ্টির পর অবশেষে মঙ্গলবার শহর কলকাতার সকাল বৃষ্টিহীন। যদিও বিকেলের দিকে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, বিক্ষিপ্ত বৃষ্টি ছাড়া কলকাতায় আজ জোরদার বর্ষণের সম্ভবনা নেই। দিনভর কলকাতা সহ অন্য জেলায় আবহাওয়া কেমন থাকবে? জেনে নেওয়া যাক।
কলকাতার আজকের আবহাওয়ার পূর্বাভাস
IMD-র রিপোর্ট অনুযায়ী, আজ শহরে সারাদিন আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৩.৫ ডিগ্রি কম। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৪ ডিগ্রি বেশি।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
সক্রিয় মৌসুমি পরিস্থিতির জেরে আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেই বহু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় এক বা দু'টি স্থানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই দুই জেলার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও এক বা দু'টি স্থানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
ফের উত্তরবঙ্গে বাড়তে পারে বর্ষার দাপট। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। এই পাঁচ জেলার এক বা দু'টি স্থানে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে IMD। অন্যদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার এক বা দু'টি স্থানে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।