• ফের বিপদে উত্তরবঙ্গ! ভারী বৃষ্টিতে পাহাড়ে ধসের আশঙ্কা, আর কী পূর্বাভাস?
    প্রতিদিন | ০৭ জুলাই ২০২৬
  • সপ্তাহ খানেক ধরে টানা বৃষ্টির পর একটু রেহাই মিলেছিল উত্তরবঙ্গের। তখন আবার তাপমাত্রা বৃদ্ধির জেরে হাসফাঁস দশা হয়েছিল পাহাড়বাসীর। কিন্তু ফের বৃষ্টির ভ্রূকূটি উত্তরের পার্বত্য এলাকায়। ভারী বর্ষণ পাহাড়ে ধসের আশঙ্কা, নদীগুলি ফুলেফেঁপে উঠে বিপদসীমার বাইরে চলে যেতে পারে জলস্তর। এমনই ভয়ের পূর্বাভাস শোনাচ্ছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও সপ্তাহান্তে ভাসতে পারে শহর কলকাতা। আংশিক মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলায়।

    আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, একটি নিম্নচাপ ছত্রিশগড় হয়ে মধ্যপ্রদেশের দিকে এগোচ্ছে। আপাতত অবস্থান দক্ষিণ ঝাড়খণ্ড এবং সংলগ্ন পূর্ব ছত্রিশগড় এলাকায়। ক্রমশ উত্তরপশ্চিম দিকে মধ্যপ্রদেশের দিকে এগোবে। এর প্রভাবে সপ্তাহভর বঙ্গে বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

    উত্তরবঙ্গে আজ অতি বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়। ভারী বৃষ্টির হলুদ সর্তকতা উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে।বুধবার লাল সতর্কতা জারি পাঁচ পার্বত্য জেলায়। এর মধ্যে অত্যন্ত ভারী বৃষ্টি হতে পারে বলে লাল সর্তকতা জারি হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। উত্তর দিনাজপুর জেলাতেও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। এর জেরে দার্জিলিং, কালিম্পং-সহ পার্বত্য এলাকায় ধস নামতে পারে বলে বিপদবার্তা শুনিয়েছে হাওয়া অফিস। তিস্তা, তোর্সা, জলঢাকা, রায়ডাক-সহ নদীগুলির জলস্তর বিপদসীমার উপরে বইতে পারে। নিচু এলাকা প্লাবিত হতে পারে। চাষে ক্ষতির আশঙ্কা।

    অন্যদিকে, দক্ষিণবঙ্গে আজ ও কাল মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা। বৃহস্পতিবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। শনি এবং রবিবার ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা দক্ষিণবঙ্গের জেলাতে।

    কলকাতায় মঙ্গলবার সকালে মেঘলা আকাশ। পরে আংশিক মেঘলা আকাশ। বৃষ্টির সম্ভাবনা আজ কম। বিক্ষিপ্তভাবে দু-এক পশলা হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টি না হলে বাতাসে জলীয় বাষ্প থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি হবে।কলকাতায় ফের বৃষ্টির সম্ভাবনা বাড়বে বৃহস্পতিবার থেকে। সপ্তাহান্তে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা জারি। আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বাতাসে থাকবে ৮৬ থেকে ৯৮ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ৩.৭ মিলিমিটার।
  • Link to this news (প্রতিদিন)