নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এ তো উলটপূরাণ! স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) ইস্যুতে এবার কমিশনের কাজের বিরুদ্ধেই সরব বিজেপি তথা এনডিএ। এতদিন পশ্চিমবঙ্গ, বিহার সহ যেসব রাজ্যে এসআইআর হয়েছে, সেখানে কমিশনের সমালোচনায় সরব হয়েছিল বিজেপি বিরোধীরা। এখন সেই অভিযোগের সুর শোনা যাচ্ছে কর্ণাটকে। কংগ্রেস শাসিত কর্ণাটকে এসআইআর প্রক্রিয়া ঠিক মতো হচ্ছে না। বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে ইনিউমারেশন ফর্ম বিলি করছেন না বলে অভিযোগ বিজেপির।
বিএলও’রা নিজেদের বাড়িতে, মসজিদে ও কমিউনিটি হলে বসে ফর্ম বিলি ও জমা নিচ্ছেন বলে অভিযোগ করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ভি আনবুকুমারকে চিঠি দিয়েছেন এনডিএ নেতানেত্রীরা। বিজেপির পক্ষে স্বাক্ষর করেছেন কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী প্রহ্লাদ যোশি। জেডি (এস)র পক্ষে কেন্দ্রীয় ভারী শিল্পমন্ত্রী এইচ ডি কুমারস্বামী। এছাড়া রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা আর অশোক সহ চারজন ওই চিঠিতে সই করেছেন।
বিজেপি তথা এনডিএ’র এই অভিযোগ সম্পূর্ণ খারিজ করে দিয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার। সরকার এ কাজে কোনো হস্তক্ষেপ করছে না। ৩০ জুন থেকে ২৯ জুলাই পর্যন্ত চলবে ইনিউমারেশন ফর্ম জমা নেওয়ার কাজ। খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে ৫ আগস্ট। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ৭ অক্টোবর। কর্ণাটকের পাশাপাশি রাজধানী দিল্লি, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র এবং মেঘালয়েও এই সময়সীমায় চলবে এসআইআর প্রক্রিয়া।