• টানা বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই, জলমগ্ন রাস্তা, বিঘ্ন রেল-বিমান পরিষেবা
    বর্তমান | ০৭ জুলাই ২০২৬
  • মুম্বই: অবিরাম বৃষ্টি আর বজ্রপাত। বাণিজ্যনগরী মুম্বইয়ের পাশাপাশি গোটা মহারাষ্ট্রেরই নানা জেলা জলমগ্ন। গত কয়েকদিনে রাজ্যজুড়ে বাজ ও বৃষ্টিতে ১৩ জনের মৃত্যু হয়েছে। সোমবার দুর্যোগ মোকাবিলামন্ত্রী গিরিশ মহাজন বলেন, মুম্বই এবং সংলগ্ন পালঘর ও রায়গড় জেলায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। গত তিন-চার দিনের দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে অন্তত ১৩ জন প্রাণ হারিয়েছেন। আরও দু’দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে রবিবারই মুম্বইজুড়ে লাল সতর্কতা জারি করে আবহাওয়া দপ্তর। জানা যাচ্ছে, মানখুর্দ এলাকায় বাড়ির ছাদ ভেঙে একই পরিবারের ছ’জন প্রাণ হারান। এছাড়া মাথায় গাছ ভেঙে পড়ে গত দু’দিনে দুই ব্যক্তির মৃত্যু হয়। বৃষ্টিতে শহরের নানা জায়গা জল জমে স্বাভাবিক জনজীবন কার্যত বিপর্যস্ত। লোকাল ট্রেন ও বিমান পরিষেবা বিঘ্নিত হয়েছে। 

    মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ পরিস্থিতির দিকে নজর রাখছেন। দুর্গতদের উদ্ধারের জন্য রাজ্য ও কেন্দ্রীয় উদ্ধারকারী দল, দমকল ও পুলিশ একসঙ্গে কাজ করছে। ফড়নবিশের কথায়, ‘ মনে হচ্ছে, এক মাসের বৃষ্টি যেন চারদিনেই হয়ে গিয়েছে।’ সোমবারও মুম্বই সহ মহারাষ্ট্রের নানা জেলায় স্কুল বন্ধ ছিল। পাশাপাশি সরকারি, আধা সরকারি ও বেসরকারি নানা অফিসে কর্মীরা ওয়ার্ক ফ্রম হোম করেছেন। আগেই বলা হয়েছিল, খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরবেন না। ৮ জুলাই পর্যন্ত লাগাতার আবহাওয়া পরিস্থিতির দিকে নজরদারি চালানো হবে।
  • Link to this news (বর্তমান)