১০ জুলাই বহরমপুরে প্রশাসনিক ও রেজিনগরে রাজনৈতিক সভা শুভেন্দুর
বর্তমান | ০৭ জুলাই ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: আগামী ১০ জুলাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদে আসবেন। তাঁ সফর নিয়ে শুরু হয়েছে প্রশাসনিক তৎপরতা। বহরমপুরে প্রশাসনিক বৈঠকের পাশাপাশি রেজিনগরে তিনি রাজনৈতিক কর্মসূচিও করবেন। রেজিনগরের তকিপুর হাই মাদ্রাসার মাঠে জনসভা হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার মুর্শিদাবাদের জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন যৌথভাবে সেই মাঠ পরিদর্শন করে। কোথায় মঞ্চ হবে এবং কোন দিক থেকে সাধারণ মানুষ প্রবেশ ও প্রস্থান করবে তার প্রাথমিক রূপরেখা তৈরি করা হয়। এদিনের পরিদর্শন স্থলে হাজির ছিলেন জেলাশাসক আর অর্জুন, পুলিশ সুপার শচীন মক্কার সহ অন্যান্য আধিকারিকরা। বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মলয় মহাজনও হাজির ছিলেন।
মলয়বাবু বলেন, মুখ্যমন্ত্রী আগামী ১০ জুলাই বহরমপুরে প্রশাসনিক সভা এবং সাংগঠনিক সভা করার পর রেজিনগরে জনসভা করবেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি প্রথম এই জেলায় আসবেন। আমাদের এমন একটি মাঠ খোঁজার কথা বলা হয়েছে, যেখানে ২০ থেকে ২৫ হাজার লোক ধরে। বক্তব্য শোনার জন্য দূর-দূরান্ত থেকে মানুষ আসবে। কিন্তু, রেজিনগরে জাতীয় সড়ক সংলগ্ন এই মাঠ পেতে একটু সমস্যা হচ্ছে। যে কারণে আমরা তকিপুর হাই মাদ্রাসার এই মাঠটিকে বেছে নিলাম। এর থেকে ভালো জায়গা আশেপাশে নেই। এদিন জেলা প্রশাসনের সর্বোচ্চ আধিকারিক এবং পুলিশ প্রশাসনের আধিকারিকদের সঙ্গে মিলিতভাবে আমরা মাঠ পরিদর্শন করলাম।
উল্লেখ্য, আগামী দু’মাসের মধ্যে রেজিনগর বিধানসভা আসনে উপনির্বাচন হবে। একই সঙ্গে নওদা এবং রেজিনগর আসন থেকে বিধানসভা ভোটে জিতে হুমায়ুন কবীর এই আসন থেকে ইস্তফা দিয়েছেন। যে কারণে এই কেন্দ্রে উপ নিবার্চন হতে চলেছে। কয়েক সপ্তাহ ধরে বিজেপি সেখানে ঘর গোছাতে শুরু করেছে। কয়েকদিন আগে রেজিনগরে বিজেপি সভাপতি মলয় মহাজনের একটি বক্তব্যের প্রতিক্রিয় দিতে গিয়ে হুমায়ুন কবীর উসকানিমূলক মন্তব্য করেন। সেই সময় বিধানসভায় দাঁড়িয়ে হুমায়ুনকে সতর্ক করেন শুভেন্দুবাবু। তিনি জানিয়েছিলেন, খুব শীঘ্রই তিনি মুর্শিদাবাদে আসবেন। স্বাভাবিকভাবেই আগামী ১০ তারিখে রেজিনগরের এই সভা থেকে শুভেন্দুবাবু রাজনৈতিক কী বার্তা দেন, সেদিকে সকলেই তাকিয়ে আছেন।
বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মলয়বাবু আরও বলেন, হুমায়ুন কবীরের বক্তব্য নিয়ে এখানে কী চলছে, সকলেই জানে। স্বাভাবিকভাবে রেজিনগরে মুখ্যমন্ত্রীর এই সভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে আমরা মনে করছি।