• ফাঁসিদেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় কুর্সি দখলের টার্গেট, পদ্মের সঙ্গে দোস্তি বিক্ষুব্ধ তৃণমূলের
    বর্তমান | ০৭ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: পদ্মের সঙ্গে দোস্তি! আজ, মঙ্গলবার ফাঁসিদেওয়া পঞ্চায়েত সমিতিতে সভাপতির কুর্সি বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখল করতেই এমন ছক তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ ব্লকের। সংশ্লিষ্ট পদে তাদের মুখ শান্তি কিসকু মার্ডি। অন্যদিকে, খড়িবাড়ি পঞ্চায়েত সমিতিতে সভাপতির নাম চূড়ান্ত করতে পারেনি তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ ব্লক। আজ, তারা সভাপতির নির্বাচনের আগ মুহূর্তে সিদ্ধান্ত নেবে বলে খবর। উভয় ব্লকেই তৃণমূলের বিক্ষুব্ধদের দাবি, তাঁরা নির্দল। 

    কয়েকদিন আগে ফাঁসিদেওয়া পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা টোপ্পো এক্কাকে অপসারিত করেন তৃণমূলের বিক্ষুব্ধ ব্লকের সস্যরা। আজ, সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতিতে সভাপতি নির্বাচন। সংশ্লিষ্ট পদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখল করাই তৃণমূলের বিক্ষুব্ধ ব্লকের টার্গেট। স্থানীয় সূত্রে খবর, সভাপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করেছিল তৃণমূলের আটজন সদস্য। সভাপতি অপসারণ সভা তাঁদের যোগ দেন তৃণমূলের আরও চারজন এবং বিজেপির দু’জন সদস্য। বর্তমানের তাঁদের পক্ষে সদস্য  সংখ্যা ১৪ জন।

    তৃণমূলের বিক্ষুব্ধ ব্লকের নেতা তথা পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ প্রবেশ মণ্ডল বলেন, সভাপতি পদে শান্তি কিসকু মার্ডিকে প্রার্থী করব। আমাদের সদস্য সংখ্যা বেড়ে ১৬ জন হতে পারে। তবে, সহকারী সভাপতির নাম এখনও ঠিক হয়নি। সভাপতি নির্বাচনের আগে আমরা আলোচনা করে তা ঠিক করব।

    উল্লেখ্য, ফাঁসিদেওয়া পঞ্চায়েত সমিতির মোট সদস্য সংখ্যা ২১ জন। একদা তৃণমূলে ১৭, নির্দল ও বিজেপির দু’জন করে সদস্য ছিলেন। বর্তমানে বিক্ষুব্ধ তৃণমূলের সদস্য সংখ্যা ১২ জন। তৃণমূলের বিক্ষুব্ধ নেতা প্রণবেশ মণ্ডল বলেন, আমরা এখন নির্দল। আমাদের সঙ্গে বিজেপির সদস্যরাও রয়েছেন।

    এদিকে, আজ, খড়িবাড়ি পঞ্চায়েত সমিতিতেও সভাপতি নির্বাচন হবে। স্থানীয় সূত্রের খবর, এখানে মোট সদস্য সংখ্যা ১২। একদা তৃণমূলের ন’জন এবং বিজেপির তিনজন সদস্য ছিল। কয়েকদিন আগে তৃণমূলের ৬ জন সদস্য সভাপতি রত্না রায় সিংহের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করেন। রত্না পদত্যাগ করায় আজ, এখানে সভাপতি নির্বাচন। তৃণমূলের বিক্ষুব্ধ গোষ্ঠীর নেতা পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মহেশ সিনহা বলেন, সভাপতির পদে দু’জনের নাম ভাবছি। আজ, নির্বাচনের ঘণ্টা দুই আগে বৈঠক করে সভাপতির নাম চূড়ান্ত করব। তবে, আমরা এখন নির্দল সদস্য।

    সংশ্লিষ্ট দু’টি পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন নিয়ে প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। শিলিগুড়ির মহকুমা শাসক বিকাশ রুহেলা বলেন, দু’টি সমিতিতেই প্রিসাইডিং অফিসার পাঠানো হবে। দুই জায়গাতেই মোতায়েন করা হবে পুলিশ।
  • Link to this news (বর্তমান)