সংবাদদাতা, কল্যাণী: কল্যাণীর সগুনা ডেঙ্গুরপাড়ায় আমবাগান থেকে এক বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম বিকাশ শিকদার (৪২)। তাঁর বাড়ি কল্যাণীর মুরাতিপুরে। বাড়ি থেকে প্রায় সাড়ে তিন কিমি দূরে ওই আমবাগান। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কল্যাণীর এইমসে পাঠিয়েছে। পরিবারের দাবি, বিকাশের পা দু’টি বাঁধা ছিল। মৃতের বাবা বীরেন শিকদার কল্যাণীর মুরাতিপুর এলাকার ১২৭ নম্বর বুথের বিজেপির সভাপতি। বিজেপির দাবি, বিকাশ শিকদারও দলের একজন সক্রিয় কর্মী ছিলেন। পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। বিজেপির বনগাঁ সংগঠনিক জেলার কিষাণ মোর্চার সাধারণ সম্পাদক শ্রীনিবাস মণ্ডল বলেন, আমার ধারণা খুন করা হয়েছে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই জড়িত।