• কুলিয়া-গাদিয়াড়া রুটে শুরু বেসরকারি বাস পরিষেবা
    বর্তমান | ০৭ জুলাই ২০২৬
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: দীর্ঘ প্রতীক্ষার শেষে আমতা বিধানসভার কুলিয়া-গাদিয়াড়া রুটে বেসরকারি বাস পরিষেবা শুরু হল। সোমবার এর সূচনা করেন আমতার বিধায়ক অমিত সামন্ত। এখন এই রুটে আপাতত ২০টি বাস চলাচল করবে। প্রয়োজনে এই রুটে বাসের সংখ্যা আরো বৃদ্ধি করা হবে।

    প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রায় এক বছর আগে হাওড়া গ্রামীণ জেলার বিভিন্ন রুটে বেসরকারি বাস পরিষেবার পরিকল্পনা করা হয়। সব মিলিয়ে একশোর বেশি বাস চালানোর কথা ভাবা হয়েছিল। সেই অনুসারে ইতিমধ্যে গাদিয়াড়া, উলুবেড়িয়া সহ একাধিক রুটে বাস পরিষেবা শুরু হয়েছে। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে কুলিয়া-গাদিয়াড়া রুটে বাস চালু হচ্ছিল না। অবশেষে রাজ্যে পালাবদলের পর আমতার বিধায়ক অমিত সামন্তের উদ্যোগে এই রুটে বাস পরিষেবা শুরু হল।

    এদিন বাস পরিষেবার সূচনা করে বিধায়ক অমিত সামন্ত বলেন, এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল এটা। এই রুটে বাস পরিষেবা শুরু হওয়ায় যাত্রীদের পাশাপাশি স্কুল কলেজের পড়ুয়ারাও উপকৃত হবেন। প্রসঙ্গত, বাগনান থেকে কুলিয়া ঘাটের দূরত্ব ২০ কিলোমিটারের বেশি। এই রাস্তায় বাস না থাকায় রোজ বাদুড়ঝোলা হয়ে অটো ম্যাজিকে যাতায়াত করতে হতো মানুষকে। এবার বাস চালু হওয়ায় দ্বীপাঞ্চলের বড় অংশের মানুষ উপকৃত হবে।     
  • Link to this news (বর্তমান)