• বৃদ্ধ খুন:অকুস্থল ঘুরে দেখলেন আরামবাগ থানার নতুন আইসি
    বর্তমান | ০৭ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: হাতের কব্জি কেটে বৃদ্ধকে নৃশংসভাবে খুন করা হয়েছিল চাঁদুর জঙ্গলে। আরামবাগের সেই ঘটনায় এখনো অধরা দুষ্কৃতী। সোমবার দায়িত্বভার গ্রহণ করেই খুনের স্পট ঘুরে দেখলেন আরামবাগ থানার নতুন আইসি সমিত তালুকদার। এদিন দুপুরে তিনি চাঁদুর ফরেস্টে পুলিশ কর্মীদের নিয়ে যান। জঙ্গলের যে স্থান থেকে দেহ উদ্ধার হয়েছিল সেই অংশটি ঘিরে রাখা হয়েছে। ওই জায়গা ঘুরে দেখেন আইসি। পুলিশ কর্মীদের থেকে ঘটনা সম্পর্কে বিশদে জেনে নেন। পাশাপাশি নথিপত্রও খতিয়ে দেখেন। এই খুনের রহস্যভেদের আশায় বসে রয়েছেন মৃতের পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। হুগলি গ্রামীণ পুলিশের এক আধিকারিক বলেন, বৃদ্ধকে খুনের ঘটনায় তদন্ত চলছে। সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা। মৃত বৃদ্ধের ছেলে তাপস বাগ বলেন, আমরা গরিব মানুষ। পুলিশ প্রশাসনের উপরে আস্থা রেখেই বেঁচে আছি। কিন্তু এখনও পর্যন্ত বাবার খুনি ধরা পড়ল না। থানা থেকে আমাদের একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আত্মীয়স্বজনদের ব্যাপারেও নানা তথ্য নিয়েছেন অফিসাররা। কাটা হাত উদ্ধার হলেও সেখান থেকেও কিছু সূত্র পাওয়া গিয়েছে কি না জানি না। এখনও আশায় আছি বাবার খুনের বিচার হবে। এদিন কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেননি। 

    উল্লেখ্য, গত ২৩ জুন আরামবাগের চাঁদুর ফরেস্ট সংলগ্ন দৌলতপুর শ্রীপল্লির বাসিন্দা মনসারাম বাগ (৬৯) জঙ্গলে গিয়েছিলেন গোরু আনতে। তিনি আর বাড়ি ফেরেননি। দুপুরে কেউ বা কারা তাঁকে নৃশংসভাবে খুন করে পালায়। বৃদ্ধের ডান হাতের কব্জি পর্যন্ত কেটে নেওয়া হয়েছিল। ঘটনার কয়েকদিন পর হুগলির চণ্ডীতলা থানা এলাকার একটি নির্মীয়মাণ বাড়ি থেকে একটি কাটা হাত উদ্ধার করে পুলিশ। সেই কাটা হাতের ছবি দেখে পরিবার চিনতে পারলেও সেটি যে ওই নিহত বৃদ্ধের হাত তা প্রমাণিত হয়নি। পুলিশ ওই কাটা হাত ফরেন্সিক টেস্টের জন্য পাঠিয়েছে। এখন এই খুনের কিনারা কবে হবে সেই দিকেই তাকিয়ে প্রত্যেকে। 
  • Link to this news (বর্তমান)