• শান্তনুর বিরুদ্ধে সরব স্থানীয়রা, বাড়িতে ভাঙচুর
    বর্তমান | ০৭ জুলাই ২০২৬
  • সংবাদদাতা, বারুইপুর: আগে ছিলেন তৃণমূলের ছত্রছায়ায়। সেই আমলে তিনি পঞ্চায়েত প্রধানের অনুগামী ছিলেন। ফাই-ফরমাশ খাটাই ছিল তাঁর কাজ। রাজ্যে পালাবদল হতেই খোলস ছেড়ে বেরিয়ে রাজনৈতিক পরিচয় পালটে ফেলেন তিনি। গেরুয়া শিবিরে ঢোকার পর বারুইপুর পশ্চিমে বিজেপির ৩ নম্বর মণ্ডলের সম্পাদকের দায়িত্ব পান তিনি। এহেন বিজেপি নেতা শান্তনু মণ্ডলকে ঘিরেই এখন বিতর্ক তুঙ্গে। তাঁকে নিয়ে ফুঁসছে গোটা সূর্যপুর। এলাকায় যেতেই শোনা গেল তাঁর নানা কীর্তিকলাপ। উঠে এসেছে ভুরি ভুরি অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের কথায়, পদ পাওয়ার পর থেকেই তাঁর দাদাগিরি ও হুমকির জেরে অতিষ্ঠ সূর্যপুরের লোকজন। টালির চালের বাড়িতে থাকলেও তাঁর দাপট যথেষ্ট। সূর্যপুর হাটে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনার পর অভিযুক্তদের ক্যাম্প থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার অভিযোগে তাঁকে বারুইপুর থানার পুলিশ আটক করেছে। এই ঘটনা জানাজানি হতেই সোমবার  উত্তেজিত বাসিন্দারা শান্তনুর বাড়িতে গিয়ে ভাঙচুর চালায়। তাঁরা অভিযুক্তদের কড়া শাস্তির পাশাপাশি এই বিজেপি নেতার বিরুদ্ধে যাতে কড়া পদক্ষেপ করা হয়, সেই আবেদনও জানিয়েছেন পুলিশকে।

    এলাকা সূত্রে খবর, বারুইপুরের সূর্যপুরের টেকায় বাড়ি বিজেপির এই নেতার। জমির দালালি করাই শান্তনুর কাজ। সেখান থেকেই তাঁর উত্থান। বাসিন্দারা বলেন, বিভিন্ন লোকের কাছ থেকে টাকা নিয়ে জমি পাইয়ে দেওয়ার কথা বলে ঘোরাতেন শান্তনু। শুধু তাই নয়, এভাবে বেশ কয়েকজনকে প্রতারণাও করেছেন তিনি। বিধানসভা ভোটের গণনার দিন শান্তনুর বিরুদ্ধে ব্যাপক গণ্ডগোল করার অভিযোগ উঠেছিল। তৃণমূল ক্ষমতাচ্যুত হতেই বুলডোজার নিয়ে জোড়াফুলের একটি পার্টি অফিস ভাঙতে যাওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। পাশাপাশি এলাকায় বিভিন্ন সময়ে গণ্ডগোলে উস্কানি দেওয়ার অভিযোগও রয়েছে। বর্তমানে বারুইপুরে বিজেপির এক প্রভাবশালী নেতার ঘনিষ্ঠ এই শান্তনু। অভিযোগ, ওই নেতার মদতেই এলাকায় দাদাগিরি চালাতেন তিনি। এমনকি, বারুইপুরে বিজেপির রাজ্য কমিটির এক নেতার সঙ্গেও ঝামেলায় জড়িয়েছিলেন এই মণ্ডল সম্পাদক। বিজেপি সূত্রে খবর, তাঁর বিরুদ্ধে দলের উপর মহলে অভিযোগ জানানো হয়েছে। এলাকার বাসিন্দাদের প্রশ্ন, কেন ঘটনার পরের দিন শান্তনু সক্রিয় হয়ে সূর্যপুর ক্যাম্পে অভিযুক্তকে নিয়ে গেল? কেন এলাকার বাসিন্দাদের অন্ধকারে রাখা হল? পুলিশ শান্তনুকে জিজ্ঞাসাবাদ করে প্রকৃত সত্য বের করার চেষ্টা চালাচ্ছে। ওই নেতার বাড়ির সদস্যরাও বেপাত্তা।
  • Link to this news (বর্তমান)