• জলাশয়ে উদ্ধার মহিলার পচাগলা দেহ, খুনের অভিযোগ পরিবারের
    বর্তমান | ০৭ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: সোমবার অশোকনগরে গৃহবধূর পচাগলা দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। এদিন গুমা এলাকার একটি কাফে সংলগ্ন চাষের জমির পাশে জলাশয় থেকে ওই গৃহবধূর পচাগলা দেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রিঙ্কু দাস (৩৫)। পুলিশের প্রাথমিক অনুমান, গৃহবধূকে খুন করা হয়েছে। খুনের পিছনে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে কি না, পুলিশ তা খতিয়ে দেখছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এদিন মৃতের পরিবারের তরফে থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। সকালে স্থানীয়রা গুমা-২ পঞ্চায়েতের তাজপুর এলাকার একটি কাফে সংলগ্ন চাষের জমির পাশে জলাশয়ে মহিলার দেহ পড়ে থাকতে দেখেন। মৃতের দেহে পচন ধরেছিল। দেহটি জলাশয়ে উপুর হয়ে পড়েছিল। মহিলার মৃতদেহ পড়ে থাকার খবরে স্থানীয়রা সেখানে ভিড় জমান। অশোকনগর থানার পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে নিয়ে যায়।

    প্রথমে মৃতের পরিচয় পুলিশ জানতে পারেনি। বিকালে পুলিশ জানতে পারে মৃতের নাম রিঙ্কু দাস (৩৫)। তাঁর বাড়ি অশোকনগরের কল্যাণগড়। মৃতের পরিবারের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে, স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় রিঙ্কুদেবী একা থাকতেন। পরে তিনি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। বিবাহ বহির্ভূত সম্পর্কের টানাপোড়েন থেকেই ওই মহিলা খুন হতে পারেন বলে অনুমান তদন্তকারীদের। দুষ্কৃতীরা খুনের পর কল্যাণগড় থেকে অনেকটা দূরে গুমা তাজপুর এলাকার জলাশয়ে ফেলে দিয়ে চম্পট দিয়েছে। পুলিশের ধারণা, তিন-চার দিন আগে মহিলার দেহ এখানে ফেলা হয়েছে। এর ফলে দেহে পচন ধরেছে।
  • Link to this news (বর্তমান)