• বহুতল থেকে উদ্ধার রক্তাক্ত দেহ
    বর্তমান | ০৭ জুলাই ২০২৬
  • সংবাদদাতা, বজবজ: মহেশতলা পুরসভার বাটানগরের এক বহুতল আবাসন থেকে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতের নাম অনিমেষ রাজ শ্রীবাস্তব (৩১)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক বছর ধরেই অনিমেষ তাঁর মা অনিতা শ্রীবাস্তবকে নিয়ে এই আবাসনে থাকতেন। তেল কোম্পানিতে কাজের সুবাদে তাঁরা আগে দুর্গাপুরে থাকতেন। বাবার মৃত্যুর পর তাঁর রেলের চাকরিটি ছেলেটি পান। এখন তিনি হাওড়ায় কর্মরত ছিলেন। সেই সূত্রেই মহেশতলার এই আবাসনে থাকতেন।

    পুলিশ জানিয়েছে, অফিস যাওয়ার কাজে যুবকটি একটি মোটরসাইকেল ব্যবহার করতেন। রহস্যজনকভাবে আবাসনের পার্কিং লটে মোটরসাইকেলটি চাবি সমেত খোলা অবস্থাতেই পড়েছিল। আবাসিকদের দাবি, এদিন সকালে ওই যুবকের মা তাঁদেরকে জানান, ছেলে দুর্ঘটনায় পড়েছে। তাঁকে এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে। আবাসিকরা ফ্লাটে ঢুকে তাঁর ক্ষতবিক্ষত দেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন। এরপর মহেশতলা থানায় খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছন পুলিশ অফিসাররা।

    পুলিশের কথায়, মৃত ওই যুবকের মায়ের নার্ভের সমস্যা আছে। তাই বিভিন্ন ধরনের কড়া ওষুধ সেবন করতেন। ফলে তাঁর কথাবার্তার মধ্যে যথেষ্ট অসংলগ্নতা আছে। যেমন দুর্ঘটনাটি কোথায় ঘটেছে, তার কোনও সদুত্তর মা দিতে পারেনি। যদি বাইরে কোথাও দুর্ঘটনা ঘটে থাকে, তাহলে বাইক পার্কিং লটে কে রাখলেন? ওই যুবক কি করেই বা ঘরে পৌঁছলেন তারও কোনও উত্তর মেলেনি। পুলিশ দেহটি উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তদন্ত শুরু হয়েছে।
  • Link to this news (বর্তমান)