নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: বৃষ্টি হলেই রাস্তায় জল জমে। সেই জল যাতে ড্রেনে গিয়ে পড়ে, তার জন্য রাস্তার ধারে রয়েছে অসংখ্য গালিপিট। কিন্তু, নজরদারির অভাবে সল্টলেকের একাধিক জায়গায় গালিপিটের ঢাকনা খোলা। রাস্তা যেন মরণফাঁদ। একটু অসতর্ক হলেই শিশুরা তো দূরের কথা, আস্ত মানুষও গলে যেতে পারেন। যে কোনো সময় বড়ো বিপত্তি হতে পারে। সল্টলেকের বাসিন্দাদের দাবি, তৃণমূল সরকারের আমলে বিধাননগর পুরসভা গালিপিটের দিকে নজরই দেয়নি। তাই এই অবস্থা। নতুন সরকার যেন এ বিষয়ে নজর দেয়। যেখানে যেখানে ঢাকনা খোলা, অবিলম্বে সেগুলি ঢাকার ব্যবস্থা করতে হবে।
রাস্তার ধারে গালিপিটের ঢাকনা মূলত জালির মতো হয়। কংক্রিট অথবা লোহার জালি। যাতে জমা জল নালায় চলে যেতে পারে। এখন প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। ফলে, রাস্তায় জল থাকছে। দিনের নজর করা গেলেও সন্ধ্যার পর থেকে খোলা গালিপিট চোখে পড়া মুশকিল। ফলে, পথচারীদের ঝুঁকি থেকেই যাচ্ছে। এছাড়াও বাইকচালকদেরও প্রাণের ঝুঁকি রয়েছে। কারণ, বাইকের সামনে খোলা গালিপিট থাকলে দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। একইভাবে দুর্ঘটনার শিকার হতে পারেন গাড়িচালকরাও। কারণ, একইভাবে গাড়ির চাকাও ঢুকে যাবে ভিতরে। সল্টলেকের মতো জায়গায় কেন এই অবস্থা, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
পুরসভা ভবনের অদূরে নেতাজি আইল্যান্ড থেকে ব্রডওয়ে ধরে বিল্ডিং মোড়ের দিকে এগলে রাস্তার ডানদিকে চোখে পড়েছে অসংখ্য খোলা গালিপিট। আবার পূর্তভবনের গেটের উলটো রাস্তাতেও একই অবস্থা। সেখানেও গালিপিট খোলা। পুরসভা সূত্রে জানা গিয়েছে, নিকাশির প্রয়োজনে অনেক সময় গালিপিট খুলে পরিষ্কার করা হয়। তবে, কেন ঢাকনা খোলা রয়েছে, তা খতিয়ে দেখা হবে। সাধারণ মানুষের স্বার্থে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।