• আচমকা বন্ধ অম্বিকা জুটমিল
    বর্তমান | ০৭ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: শ্রমিক-মালিক দ্বন্দ্বের জেরে আচমকা বন্ধ হয়ে গেল হাওড়ার বেলুড়ের অম্বিকা জুটমিল। রবিবার থেকে মিলে কাজ বন্ধ হয়ে যাওয়ায় অনিশ্চয়তার মুখে পড়েছেন চার থেকে পাঁচ হাজার শ্রমিক। অতিরিক্ত কাজের চাপকে কেন্দ্র করেই এই অচলাবস্থার সূত্রপাত বলে অভিযোগ।

    শ্রমিকদের দাবি, দীর্ঘদিন ধরে মিলের অধিকাংশ বিভাগে শ্রমিকদের ছ’টি করে লুম চালানোর নিয়ম ছিল। রবিবার থেকে সব বিভাগের শ্রমিকদের আটটি করে লুম চালানোর নির্দেশ দেয় কর্তৃপক্ষ। এতে ক্ষোভ ছড়িয়ে পড়ে শ্রমিকদের মধ্যে। তাঁদের বক্তব্য, আগামী ৯ জুলাই ভারতীয় মজদুর সংঘের নেতৃত্ব ও স্থানীয় বিধায়কের উপস্থিতিতে মালিকপক্ষের সঙ্গে বৈঠক হওয়ার কথা। সেই বৈঠক পর্যন্ত নতুন সিদ্ধান্ত কার্যকর না করার আবেদন জানানো হলেও কর্তৃপক্ষ তাতে রাজি হয়নি। এরপরই শ্রমিকরা ৯ জুলাই পর্যন্ত কর্মবিরতির সিদ্ধান্ত নেন।

    অন্যদিকে, মিল কর্তৃপক্ষের দাবি, তৃণমূল সরকারের আমলে ত্রিপাক্ষিক বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী একজন শ্রমিকের আটটি লুম চালানোর নিয়ম চালু ছিল। শ্রমিকরাই এদিন বেআইনিভাবে কাজ বন্ধ করে দিয়েছেন। ফলে কবে জুটমিলে উৎপাদন স্বাভাবিক হবে, তা নিয়ে চরম অনিশ্চয়তায় শ্রমিকরা।
  • Link to this news (বর্তমান)