• ভ্যাবলা স্টেশনে নাবালিকাকে অপহরণের চেষ্টা! খাবারের লোভ দেখিয়ে নিয়ে যাওয়ার অভিযোগে ধৃত যুবক
    News18 বাংলা | ০৭ জুলাই ২০২৬
  • বারুইপুরে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর গণধর্ষণ ও খুনের ঘটনাকে ঘিরে যখন রাজ্যজুড়ে তীব্র ক্ষোভ, সেই আবহেই বসিরহাটে এক নাবালিকাকে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে শিয়ালদহ-হাসনাবাদ শাখার ভ্যাবলা রেলস্টেশনে। অভিযুক্ত যুবককে পরে গ্রেফতার করেছে পুলিশ।

    খাবারের প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগ, ভ্যাবলায় ধৃত যুবক। জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার মাটিয়া থানার কাঁকড়া মির্জানগর এলাকার এক নাবালিকা তার মায়ের সঙ্গে মামার বাড়ি থেকে ফিরছিল। ভ্যাবলা স্টেশনে পৌঁছে নাবালিকাকে বসিয়ে রেখে তার মা কিছুক্ষণের জন্য স্টেশনের বাইরে যান। সেই সময় বিশ্বনাথ ঘোষ নামে এক যুবক নাবালিকার পাশে বসে কথা বলতে শুরু করে। অভিযোগ, খাবারের লোভ দেখিয়ে ওই নাবালিকাকে স্টেশন থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে অভিযুক্ত। প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও কিছু দূর যাওয়ার পর নাবালিকার সন্দেহ হয়। সে চিৎকার শুরু করলে অভিযুক্ত জোর করে তার হাত ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে বলে অভিযোগ।

    নাবালিকার চিৎকার শুনে স্টেশনে উপস্থিত যাত্রী ও স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। অভিযুক্ত পালানোর চেষ্টা করলে তাঁকে ধাওয়া করে ধরে ফেলে উত্তেজিত জনতা। এরপর তাকে মারধর করা হয় এবং স্টেশনের টিকিট কাউন্টারে আটকে রাখা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বসিরহাট থানার পুলিশ। উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে জিআরপি-র আধিকারিকরা বসিরহাট থানায় গিয়ে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করেন। তদন্তের পর বিশ্বনাথ ঘোষকে গ্রেফতার করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত চলছে।
  • Link to this news (News18 বাংলা)